সংসদের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়
ঈদের জামাতে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী এবং এলাকার বাসিন্দারা অংশ নেবেন।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়।
মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে ঈদুল আজহা উদযাপিত হবে বৃহস্পতিবার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের জামাতে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী এবং এলাকার বাসিন্দারা অংশ নেবেন।
সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত হয়ে জামাতে শরিক হওয়ার অনুরোধ জানিয়েছে সংসদ সচিবালয়।
বিজ্ঞপ্তিতে ঈদের জামাতে অংশগ্রহণকারীদের ওজুসহ নামাজের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আসতে অনুরোধ করা হয়েছে।
নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে জায়নামাজ, মোবাইল ফোন এবং প্রয়োজনে ছাতা ছাড়া অন্য কোনো ব্যাগ বা বস্তু সঙ্গে না আনতেও অনুরোধ জানিয়েছে সংসদ সচিবালয়।
এদিকে প্রতিবারের মত এবারও জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত হবে সকাল সাড়ে ৭টায়।
তবে ঝড়বৃষ্টির কারণে আবহাওয়া প্রতিকূল হলে বৃহস্পতিবার সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হবে ঈদের প্রধান জামাত।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে, যেখানে ১২১টি কাতারে প্রায় ৩৫ হাজার মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।
