এজলাসের ছবি তুলে আটক, পরে জুলাই আন্দোলনের মামলায় কারাগারে
সাগরের সঙ্গে তার বড় ভাই শাওনকেও আটক করা হয়েছিল। তবে পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
আদালতের এজলাসে ছবি তোলায় এক ফল ব্যবসায়ীকে আটক করার পর জুলাই আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত সোমবার জামিন আবেদন নাকচ করে সাগর দেওয়ান নামের ওই ব্যক্তিতে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সাগরের আইনজীবী ফারজানা ইয়াসমিন জানান, রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার এজলাসের ছবি তোলায় তাকে আটক করা হয়। তার মোবাইলও জব্দ করা হয়।
“সাধারণ মোবাইল জব্দ করলে ২/৩ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়। কিন্তু তাকে ছেড়ে না দিয়ে আজ জুলাই আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
“আমরা তার জামিন আবেদন করি। আদালত শুনানি শেষে আদেশ অপেক্ষমান রাখে। পরে নামঞ্জুরের আদেশ দেন।”
এ আইনজীবী বলেন, সাগরের সঙ্গে তার বড় ভাই শাওনকেও আটক করা হয়েছিল। তবে পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
এদিকে সাগরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন কোতয়ালি থানার এসআই জয়দেব শর্মা।
সাগরকে কোথা থেকে আটক করা হয়েছে, আবেদনে তা বলেননি তিনি। জানতে চাইলে মোবাইল ফোনে তিনি বলেন, "তাকে বাদামতলী থেকে গ্রেপ্তার করা হয়।"
পরে আদালতে ঘটে যাওয়া তথ্য জানালে তিনি স্বীকার করেন যে সাগরকে ঢাকার সিএমএম আদালত থেকে আটকের পরে জুলাই আন্দোলনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
সাগরের বিরুদ্ধে হত্যাচেষ্টার সুনির্দিষ্ট কোনো অভিযোগ আছে কি না জানতে চাইলে বলেন, “নো, কমেন্টস।"
জুয়েল রানার আদালতের বেঞ্চ সহকারী আবু শাহিন রোববার বলেছিলেন, “বিচারক দেখেন একজন এজলাসের ছবি তুলছে, ভিডিও করছে। পুলিশকে মোবাইল জব্দের নির্দেশ দেন। এসময় তার সাথে আরেকজনও ছিল।
“মোবাইল বিচারকের কাছে নিয়ে আসা হয়। বিচারক মোবাইল চেক করে দেখেন, ‘জেল-জুলুম লীগ’ নামে হোয়াটসঅ্যাপ গ্রুপে সে ছবি সেন্ট করেছে। পরে তাকে পুলিশে সোপর্দ করে মামলা দায়েরের নির্দেশ দেন।”
রোববার আদালতে থেকে প্রিজনভ্যানে নেওয়ার পথে সাগর সাংবাদিকদের বলেন, তার এক বন্ধু জিজ্ঞাসা করেছিলেন, তিনি এখন কোথায়। তখন আদালতের ছবি তুলে তাকে পাঠিয়েছেন। ‘ভুলবশত’ এজলাসের ছবি তুলেছিলেন।
সাগরকে যে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে, সেটি দায়ের করা হয়েছিল কবি নজরুল সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র হাসিব সরকারকে হত্যাচেষ্টার অভিযোগে।
মামলায় বলা হয়, হাসিব জুলাই আন্দোলনে অংশ নেন। ১৬ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে পুরান ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সামনে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হলে হাসিব বাঁ হাতে গুলিবিদ্ধ হন।
এক ব্যক্তি তাকে উদ্ধার করে ইবনে সিনা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রায় দুই মাস চিকিৎসাধীন ছিলেন হাসিব। সুস্থ হয়ে ২০২৪ সালের ১২ নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৬ জনের নামে তিনি মামলা করেন।
ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, শাহাজান খান, হাসান মাহমুদ, শেখ ফজলে নূর তাপস, জুনাইদ আহমেদ পলক, মোহাম্মদ এ আরাফাত, আ ফ ম বাহাউদ্দিন নাছিমও এ মামলার আসামি।
