২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেট্রোল পাম্পের টাকা ছিনতাই: গ্রেপ্তার সাগর ৭ দিনের রিমান্ডে

সাগর বাড়ৈর বিরুদ্ধে একই ধরনের আরও নয়টি মামলা রয়েছে, বলছেন প্রসিকিউশন বিভাগের এসআই আবু বকর ছিদ্দিক।

পেট্রোল পাম্পের টাকা ছিনতাই: গ্রেপ্তার সাগর ৭ দিনের রিমান্ডে
গ্রেপ্তার সাগর বাড়ৈ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2026, 07:14 PM

Updated : 11 Sep 2026, 03:50 PM

ঢাকার উত্তরার ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার সাগর বাড়ৈকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শনিবার তার সাত দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন।

তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই মো. নজরুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

প্রসিকিউশন বিভাগের এসআই আবু বকর ছিদ্দিক বলেন, আদালতে আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি নিয়ে বিচারক সাত দিন রিমান্ডের আদেশ দেন। সাগর বাড়ৈর বিরুদ্ধে একই ধরনের আরও নয়টি মামলা থাকার কথা জানিয়েছেন তিনি।

ডিএল পেট্রোল পাম্পের মালিক প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাত ভাই তাসীন আক্তার হক। তার মা প্রয়াত খুরশীদ জাহান হক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় বোন।

গত ৯ অগাস্ট সকালে বিমানবন্দর সড়কের ক্রাউন প্লাজার সামনে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে পেট্রোল পাম্পটির ব্যবস্থাপক আব্দুল করিম অজ্ঞাত ছয়-সাতজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেন।

এজাহারে অভিযোগ করা হয়, পাম্পের সহকারী ম্যানেজার মোহাম্মদ আল আমিন সিএনজি অপারেটর সেলিমুজ্জামান ও কভার্ডভ্যানের চালক খোরশেদসহ টাকাভর্তি একটি ব্যাগ নিয়ে উত্তরা ১ নম্বর সেক্টরের পূবালী ব্যাংকে যাচ্ছিলেন। পথে তিনটি মোটরসাইকেলে আসা ৬-৭ জন কভার্ডভ্যানের গতিরোধ করেন।

গাড়ি আটকানোর পর পিস্তলের মুখে ও আল আমিনকে চাপাতি দিয়ে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে তারা আব্দুল্লাহপুরের দিকে পালিয়ে যান। পরে সেলিমুজ্জামান, খোরশেদসহ আশেপাশের লোকজনের সহায়তায় আল আমিনকে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় শুক্রবার রাতে পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানায় ডিএমপি। উদ্ধার করা হয় অস্ত্র, গুলি, টাকা ও অন্যান্য সরঞ্জাম।