২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ এল আনন্দ বারতা নিয়ে

মহামারীর ধাক্কার পর ইউক্রেইন যুদ্ধের প্রেক্ষাপটে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাগরিক জীবনে অনেক সংকোচনের মধ্যে এবার ঈদ এসেছে।

ঈদ এল আনন্দ বারতা নিয়ে

ঈদ উপলক্ষে সাজানো হয়েছে ঢাকার বিভিন্ন সড়ক

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2023, 01:10 AM

Updated : 22 Apr 2023, 01:09 AM

এক মাস সংযম পালনের পর আনন্দের বারতা নিয়ে ঈদ এল বাংলাদেশে।

ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসবের আনন্দ ভাগাভাগি করতে শহর ছেড়ে গ্রামে গেছে লাখো মানুষ; শহর আর গ্রামে খুশির জোয়ার নিয়ে হাজির হয়েছে ধর্মীয় এ উপলক্ষ।

মহামারীর ধাক্কার পর ইউক্রেইন যুদ্ধের প্রেক্ষাপটে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাগরিক জীবনে অনেক সংকোচনের মধ্যে এবার ঈদ এসেছে।

এর মধ্যে বিকিকিনির সবচেয়ে বড় মওসুম ঈদের আগে রাজধানীর দুই বড় বিপনি বিতানে অগ্নিকাণ্ডের ক্ষত এখনও তাজা ক্রেতা-বিক্রেতাদের মনে।

বছর শেষের নির্বাচন ঘিরে কথার লড়াই চলার মধ্যে আসা ঈদ ঘিরে শুভেচ্ছার ডালি নিয়ে প্রস্তুত রাজনৈতিক দলের নেতাকর্মীরাও।

Image

এবার ঈদযাত্রা ছিল অন্য বছরের তুলনায় অনেকটাই স্বস্তির

ঈদযাত্রায় অন্যান্য বছরের মত ভোগান্তির খবর তেমন আসেনি; দীর্ঘ যানজটও হয়নি সেভাবে। তবে বৃহস্পতিবার বঙ্গবন্ধু এক্সপ্রেসেওয়ে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে প্রাণ গেছে অন্তত চারজন ঘরমুখো মানুষের।

ঈদ সামনে রেখে বৃহস্পতিবার থেকে পদ্মাসেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেয় সরকার। একদিনেই ওই সেতু দিয়ে দক্ষিণের পথে পাড়ি দিয়েছেন ১২ হাজার বাইকার।

এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়েছে দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মাসেতুতে মোটরবাইক চালু হওয়ায় ‘ষোলকলা পূর্ণ’ হয়েছে।

ঈদ ঘিরে মার্কেট ও বিপণিবিতানগুলোতে নতুন পোশাক ও সাজগোজের ‍উপকরণের বিকিকিনি চলেছে দিনরাত। কিন্তু মূল্যস্ফীতির ধাক্কায় বিকিকিনির ধুম আগের মত না দেখার কথা বলেছেন ব্যবসায়ীরা।

মাঝখানে একদিন নির্বাহী আদেশে বিশেষ ছুটি ঘোষণা করায় এবার ঈদের ছুটি মিলেছে টানা পাঁচ দিন। বিভিন্ন মহল থেকে দাবির মুখে শবে কদর আর ঈদের ছুটির মাঝে একমাত্র কর্মদিবস ২০ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার

১৮ থেকে ২০ এপ্রিল তিন দিনে সাড়ে ৫৩ লাখের বেশি সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। তবে এটি ঢাকা থেকে গ্রামে যাওয়া মানুষের প্রকৃত সংখ্যা নয়।

Image

আগুনে পোড়া বঙ্গবাজারের দোকানিদের জীবনে এবার ঈদ আনন্দ নিয়ে আসেনি

কারণ, অনেকে একাধিক সিম ব্যবহার করে থাকেন। আবার বাবা-মায়ের হাত ধরে গ্রামের বাড়ির পথ ধরা শিশুরাও থাকছে এই হিসাবের বাইরে।

রাষ্ট্রপতি হিসাবে এবার শেষবারের মত দেশবাসীর উদ্দেশে ঈদের শুভেচ্ছা বাণী দিয়েছেন মো. আবদুল হামিদ, টানা দুই মেয়াদে দায়িত্ব পালন শেষে ঈদের ঠিক পরদিন অবসরে যাচ্ছেন তিনি।

সবাই যেন ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে, সেজন্য দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সমাজের সচ্ছল ও বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি।

Image

দীর্ঘ যানজটে ভুগতে হয়নি এবারের ঈদযাত্রায়

তিনি বলেন, “মানবতার মুক্তির দিশারি হিসেবে ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য সকলের মাঝে ছড়িয়ে পড়ুক, বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যে- পবিত্র ঈদুল ফিতরে এ আমার প্রত্যাশা “

রাষ্ট্রপতি বলেন, “সব ভেদাভেদ ভুলে এ দিন সকল শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি আর ঐক্যের বন্ধন। ঈদুল ফিতরের শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ-এ প্রত্যাশা করি।”

রাষ্ট্রপতি হামিদ সকাল সাড়ে ৮টায় রাজধানীর হাই কোর্টের সামনে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। পরে বঙ্গভবনে সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

নব নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শপথ এবং তাকে বঙ্গভবনে বরণের আনুষ্ঠানিকতা সারার প্রস্তুতিও চলছে ঈদ আয়োজনের মধ্যেই। ঈদের দুদিন পর সোমবার হবে নয়া রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান।

Image

এবার ঈদের আগে তিন দিনে ঢাকা ছেড়েছেন ৫৩ লাখ সিমধারী

কুসংস্কার পরিহার করে ইসলাম ধর্মের শান্তির বার্তা প্রতিষ্ঠার উপর ঈদের শুভেচ্ছা বাণীতে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশবাসীকে তিনি আহ্বান জানিয়েছেন, “আসুন, সকল প্রকার অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠা করি।”

সরকারপ্রধান বলেন, “ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক- এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক।

“বিশ্বের সকল মানুষের সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক আজকের দিনে আমি মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সকালে গণভবনে সর্ব সাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এবারের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়।

এপ্রিলের শুরুতে এবার তাপমাত্রার পারদ উঠেছে রেকর্ড উচ্চতায়, অন্যদিকে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে ঈদের আগের কয়েক দিন অতি গরমে নাভিশ্বাস উঠেছে মানুষের।

তবে ঈদের আগের দিন শুক্রবার ঢাকায় স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে। ঈদের দিনও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া অধিদপ্তর।

জাতীয় ঈদগাহে ঈদ জামাতের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন; শুক্রবার ঈদগাহ পরিদর্শনে গিয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

Image

ঈদ উপলক্ষে সাজানো হয়েছে ঢাকার বিভিন্ন সড়ক

ঈদ সামনে রেখে সাজানো হয়েছে ঢাকার বিভিন্ন সড়ক; নানা রঙের পতাকা টানানো হয়েছে সড়ক বিভাজকগুলোতে।

ঈদ উপলক্ষে শনিবার দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল, কারাগার, শিশু পরিবার, ছোটমনি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, সরকারি আশ্রয় কেন্দ্র, শিশু বিকাশ কেন্দ্র, সেইফ হোম, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টেলিভিশনগুলো ঈদের আগে-পরে কয়েক দিন ধরে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে।

ঈদ ঘিরে জাতীয় পর্যায়ের সঙ্গে সমন্বয় রেখে স্থানীয়ভাবেও সিটি করপোরেশন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের উদ্যোগে দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কখন কোথায় ঈদ জামাত

বরাবরের মত এবারও রাজধানীতে ঈদুল ফিতরের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে, সকাল সাড়ে ৮টায়। তাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমীন।

Image

জাতীয় ঈদগাহ মাঠে প্রায় ৩৫ হাজার মানুষের নামাজ পড়ার ব্যবস্থা হয়েছে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ, সুপ্রিম কোর্টের, বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি পেশার মানুষ এ জামাতে অংশ নেবেন।

ইতোমধ্যে ঈদ জামাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে হাই কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠ। সেখানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মানুষের নামাজ পড়ার ব্যবস্থা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

প্রতি বছর দেশের সর্ববৃহৎ ঈদ জামাতের আয়োজন হয় কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে। এবার সেখানে হবে ঈদুল ফিতরের ১৯৬তম জামাত। সকাল ১০টায় এ জামাতে ইমামতি করবেন মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ।

ঈদের এই জামাতে যাতায়াতের সুবিধার জন্য বরাবরের মতই শোলাকিয়া স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ।

সবচেয়ে বড় ঈদ জামাত আয়োজনে কয়েক বছর ধরে শোলাকিয়ার সঙ্গে পাল্লা দিয়ে যাচ্ছে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দান। আয়োজকদের দাবি, প্রায় ২২ একর আয়তনের এ মাঠে পাঁচ থেকে ছয় লাখ মানুষ সেখানে একসঙ্গে নামাজ পড়তে পারেন। সকাল ৯টায় এ ময়দানে ঈদের জামাতে ইমামতি করবেন মাওলানা শামসুল হক কাসেমী।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা এবং সকাল ১০টা ৪৫ মিনিটে হবে পাঁচটি জামাত।