২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার থেকে অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা

মঙ্গলবার সকাল ৬টার পর থেকে কারফিউ থাকবে না বলে জানিয়েছে আইএনপিআর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2024, 11:53 PM

Updated : 26 Aug 2026, 10:11 AM

প্রবল গণ আন্দোলনের মুখে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা আসার পর মঙ্গলবার থেকে অফিস, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান চালুর ঘোষণা দেওয়া হয়েছে।

একই সঙ্গে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ থাকবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সোমবার রাতে আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ”আগামীকাল মঙ্গলবার সকাল হতে বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা খাকবে।"

একই বিজ্ঞপ্তিতে সোমবার রাত ১২টা হতে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার থেকে স্বাভাবিক সময়ে ব্যাংক খোলাও থাকবে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

সোমবার রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার থেকে আগের মত সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। তবে লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গড়ে ওঠা প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগের দ্বিতীয় দিনে ছাত্র-জনতা ঢাকার রাজপথ দখলে নিলে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বলে ঘোষণা দেন। 

এরপর রাতে অফিস চালু ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা জানায় আইএসপিআর। 

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের এক পর্যায়ে দেশজুড়ে সংঘর্ষ ও সংঘাতের ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে ১৭ জুলাই থেকে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছিল।

পরে সংঘাত আরও বাড়লে ১৯ জুলাই মধ্যরাত থেকে জারি করা হয় কারফিউ। মাঝে পরিস্থিতির উন্নতি হলে কারফিউ শিথিল করে অফিস-আদালত চালু করা হলেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়নি।

কারফিউ থাকার মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কর্মসূচিকে ঘিরে সংঘাতময় পরিস্থিতির আরও অবনতি হলে রোববার থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কারফিউ শিথিলের সময় তুলে নিয়ে অনির্দিষ্টকালের জন্য আবার কারফিউ জারি করা হয়। তিন দিনের জন্য আবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়।