Published : 11 Feb 2025, 08:56 PM
বকেয়া বেতনের দাবিতে রাজধানীর কুড়িলে পোশাক শ্রমিকদের এক ঘণ্টার বেশি সময়ের সড়ক অবরোধ তীব্র যানজট তৈরি করেছে আশপাশের কয়েক এলাকায়; ভোগান্তিতে পড়েছেন অফিস ফেরত যাত্রীরা।
বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে কুড়িলে অবস্থিত ইউরোজোন ফ্যাশনস নামের কারখানার শতাধিক শ্রমিক দলবেধে সড়কে নেমে আসে। পরে তারা প্রগতি সরণির দুই পাশের সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।
তাদের হঠাৎ অবরোধে ব্যাপক যানজট তৈরি হয় প্রগতি সরণিসহ আশপাশের এলাকায়, যা ছড়িয়ে যায় তিনশ ফিট ও বিমানবন্দর সড়কেও। অল্প সময়ের মধ্যে দীর্ঘ যানজটে অফিস ফেরত যাত্রীরা ব্যাপক ভোগান্তিতে পড়ে।
ঢাকার কুড়িলে বুধবার ইউরোজোন ফ্যাশনস কারখানার শতাধিক শ্রমিক বকেয়া বেতনের দাবিতে সড়কে অবরোধ করলে যানজট ছড়ায় আশপাশের সড়কে।
শ্রমিকরা ঘণ্টাধিক সময় সড়কে অবস্থান করে সরে গেলেও ব্যস্ত সময়ের অবরোধের কারণে ততক্ষণে প্রগতি সরণিসহ এটির সঙ্গে যুক্ত সবগুলো সড়কে যানজট মারাত্মক আকার ধারণ করে।
বাড্ডা জোনের অতিরিক্ত উপ কমিশনার হাসানুজ্জামান মোল্যা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইউরোজোনের পোশাক শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিকাল সাড়ে ৫টার দিকে রাস্তায় নামে। পরে মালিকপক্ষ রোববার বেতন দেওয়ার আশ্বাস দিলে তারা চলে যায়।
ডিএমপির বাড্ডা ট্রাফিক জোনের সহকারী কমিশনার শুভ কুমার ঘোষ বলেন, মালিক পক্ষের সঙ্গে কথা বলার পর শ্রমিকরা সরে গেছে। ৭টার দিকে সরে গেলেও ওর চাপ এখনও আছে।