১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নবায়নযোগ্য জ্বালানি খাতে ১০০ কোটি ইউরো সহায়তার আশ্বাস জার্মানির

চলতি বছরেই দেড় কোটি ইউরো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত।

নবায়নযোগ্য জ্বালানি খাতে ১০০ কোটি ইউরো সহায়তার আশ্বাস জার্মানির
সচিবালয়ে মঙ্গলবার পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে সাক্ষাৎ করেন জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2024, 05:57 PM

Updated : 26 Aug 2026, 10:29 AM

নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে বাংলাদেশকে আগামী এক দশকে ১০০ কোটি ইউরো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি।

ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার নবায়নযোগ্য জ্বালানিতে তাদের দক্ষতার কথা তুলে ধরে বাংলাদেশের সবুজ জ্বালানির উদ্যোগকে সমর্থন জানিয়েছেন। এর জন্য প্রযুক্তিগত সহায়তারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

সচিবালয়ে মঙ্গলবার পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে সাক্ষাৎ করে সহায়তার কথা জানান জার্মানির রাষ্ট্রদূত।

পরে রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, ১০০ কোটি ইউরোর মধ্যে চলতি বছরেই দেড় কোটি ইউরো সহায়তা দেবে জার্মানি। এর আওতায় ক্ষুদ্র জাতিসত্তা, নারী ও যুবসমাজকেও অন্তর্ভুক্ত করা হবে। একটি বহুপক্ষীয় অংশীদারত্বমূলক পদ্ধতির মাধ্যমে কাজ করা হবে।

বৈঠকে উভয় দেশই বেসরকারি খাত, গবেষণা প্রতিষ্ঠান, অ্যাকাডেমিয়া এবং সুশীল সমাজের সঙ্গে জ্ঞান বিনিময় ও সহযোগিতা আরও বৃদ্ধি করবে বলে আলোচনা হয়।

পরিবেশ ও জলবায়ু খাতে জার্মানির ধারাবাহিক সহযোগিতার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান রিজওয়ানা হাসান।

বৈশ্বিক জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে টেকসই বন ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন পরিবেশ উপদেষ্টা।

রাষ্ট্রদূত ট্র্যোস্টার বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি তুলে ধরেন। পরিবেশ সংরক্ষণে বাংলাদেশের প্রচেষ্টার প্রশংসাও করেন তিনি।

টেকসই উন্নয়ন প্রকল্প, নদী পরিষ্কার, সবুজ প্রযুক্তি গ্রহণ, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন প্রশমনের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার ও চ্যালেঞ্জ মোকাবিলা নিয়েও আলোচনা হয় বৈঠকে।