১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আদানির বিদ্যুৎ ফিরল ৩ দিন পর

আরেকটি ইউনিট আগামী ৫ জুলাই চালু হতে পারে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2024, 05:10 PM

Updated : 10 Sep 2026, 12:10 PM

যান্ত্রিক গোলযোগে তিনদিন বন্ধ থাকার পর ভারতের ঝাড়খণ্ড থেকে আদানি পাওয়ারের বিদ্যুৎ আবারও আসা শুরু হয়েছে।

ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় আদানি গ্রুপের কয়লাভিত্তিক ওই কেন্দ্রের দুটি ইউনিট থেকে প্রতিদিন ১৪০০ থেকে ১৫০০ মেগাওয়াট হারে বিদ্যুৎ বাংলাদেশে আসছিল। এর একটি ইউনিটে রক্ষণাবেক্ষণ কাজ চলার মধ্যে গত শুক্রবার অপর ইউনিটটি বন্ধ হয়ে যায়।

আদানি পাওয়ারের একজন মুখপাত্র (বাংলাদেশ) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ত্রুটি সারানোর পর সোমবার ভোররাতে একটি ইউনিট পুনরায় চালু হয়েছে। দুপুর নাগাদ সেখান থেকে 'ফুল লোডে' বিদ্যুৎ আসা শুরু করেছে। অপর ইউনিট আগামী ৫ জুলাই চালু করার সম্ভাব্য তারিখ রাখা হয়েছে।

রক্ষণাবেক্ষণের জন্য আদানি পাওয়ারের ৭৪৮ ইউনিট উৎপাদন ক্ষমতার একটি ইউনিট গত ২৫ জুন থেকে বন্ধ। 

কম উৎপাদনের মধ্যেও দিনভর বৃষ্টিপাত চলতে থাকায় বিদ্যুতের চাহিদা কমে গেছে। লোডশেডিং কমে দেড়শ মেগাওয়াটের মধ্যে চলে এসেছে। 

বিকাল ৩টায় ১২ হাজার ৮৫০ মেগাওয়াট চাহিদার বিপরীতে উৎপাদন ছিল ১২ হাজার ৭০২ মেগাওয়াট। রোদ বেশি থাকলে এই সময় অন্যান্য দিন ১৪ হাজার মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয়।