রূপপুর ও থার্ড টার্মিনাল বাস্তবায়নে প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার ‘ধন্যবাদ’
মন্ত্রিসভা মনে করে প্রধানমন্ত্রীর সাহসীপূর্ণ ও দৃঢ়তাপূর্ণ সিদ্ধান্ত ও পদক্ষেপের জন্য পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা গেছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্প বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সরকার প্রধানকে এ ধন্যবাদ দেওয়া হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
তিনি বলেন, “পারমাণবিক শক্তি শান্তিপূর্ণভাবে ব্যবহারকারী দেশের তালিকায় ৩৩তম দেশ হিসেবে বাংলাদেশ বিশ্ব অঙ্গনে আত্মপ্রকাশ করায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভা আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপন করেছে।
“পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি বঙ্গবন্ধুর অন্যতম একটি স্বপ্ন ছিল, যে স্বপ্নের জন্য উনি ষাটের দশক থেকে আন্দোলন করেছিলেন। এ রকম একটি প্রকল্প বাস্তবায়ন করতে কমপক্ষে ৬৭টি সার্টিফিকেট পূরণ করতে হয়।”
মন্ত্রিপরিষদ সচিব জানান, ১৯৯৬ সালে যখন আওয়ীমী লীগ ক্ষমতায় আসে, তখন থেকেই তৎকালীন শিক্ষামন্ত্রীর নেতৃত্বে একটি কমিটির মাধ্যমে পারমাণবিক প্রকল্পের জন্য প্রয়োজনীয় সনদ অর্জনের কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বিএনপি ক্ষমতায় এলে সে উদ্যোগ বন্ধ হয়ে যায়।
২০০৯ সালে নির্বাচনে প্রতিশ্রুতি হিসেবে ক্ষমতায় এসে শেখ হাসিনা সেই কাজ এনিয়ে নেন এবং রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করেন।
মাহবুব হোসেন বলেন, “গত ৫ অক্টোবর রাশিয়ার প্রেসিডেন্টের উপস্থিতিতে ইউরোনিয়ামের হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর সাহসীপূর্ণ ও দৃঢ়তাপূর্ণ সিদ্ধান্ত ও পদক্ষেপের জন্য মন্ত্রিসভা তাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।”
