২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের অপপ্রচারে কান দেবেন না: এরশাদ

মহাজোটকে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চালানো বিভিন্ন 'অপপ্রচার' সম্পর্কে জনগণকে সতর্ক থাকতে বলেছেন এইচ এম এরশাদ। দক্ষিণাঞ্চলে তিন দিনের নির্বাচনী সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সাতক্ষীরার এক জনসভায় জাতীয় পার্টি চেয়ারম্যান এ কথা বলেন। এরশাদের সফরের খবর জানাচ্ছেন প্রদীপ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2008, 05:15 AM

Updated : 26 Aug 2022, 02:49 PM

প্রদীপ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক সাতক্ষীরা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'মহাজোট ক্ষমতায় গেলে মুসলমান ধর্মাবলম্বীরা দাঁড়ি রাখতে পারবেন না, কোরবানি দিতে পারবেনা, নামাজ পরতে পারবেনা, মসজিদে আজান হবেনা'- বাংলাদেশ জামায়তে ইসলামীর চালানো এ 'অপপ্রচারের' বিরুদ্ধে মানুষকে সতর্ক থাকতে বলেছেন সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ। দক্ষিণাঞ্চল সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সাতক্ষীরার গাজীরহাটে শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক জনসভায় তিনি একথা বলেন। ইসলামকে রাষ্ট্রধর্ম করার কথা স্মরণ করিয়ে দিয়ে সাবেক একনায়ক এরশাদ বলেন, "আমি ক্ষমতায় থাকাকালীন রাষ্ট্রধর্ম ইসলাম ও শুক্রবার সাপ্তাহিক ছুটি হয়েছে। এছাড়া দ্বীন শিক্ষা বাধ্যতামূলক করেছি এবং মসজিদের বিদ্যুৎ বিল ফ্রি করে দিয়েছি।" তিনি আরো বলেন, "শেখ হাসিনা পাঁচ বছর ক্ষমতায় থাকার সময়েও মুসলমানদের ধর্মপালনে বাধার সৃষ্টি হয়নি। তাই আমি বলব, জামায়াতের অপপ্রচার থেকে আপনারা সাবধান থাকবেন।" সাতক্ষীরা-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে চাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, "মহাজোট ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। এটি হিন্দু মুসলমানের কোন বিষয় নয়। এখন আমাদের বাঁচা মরার সংগ্রাম। এ সংগ্রামে জয়ী হতে মহাজোটকে জয়ী করতে হবে।" চারদলীয় জোট সরকার গত পাঁচ বছরে যত লুন্ঠন এবং অন্যায় করেছে পৃথিবীর আর কোন সরকার তা করেনি বলেও অভিযোগ করেন তিনি। ক্ষমতায় থাকাকালীন হিন্দু ধর্মাবলম্বীদের জন্য হিন্দু কল্যাণ ট্রাস্ট, জন্মাষ্ঠমীকে সরকারি ছুটি এবং শত্র" সম্পত্তি আইন স্থগিতসহ বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। সকাল সোয়া ১০টায় সাতক্ষীরার কালিগঞ্জ থানার নলতা খান বাহাদুর আহসানউল্লাহ'র মাজার জিয়ারত করেন এরশাদ। সাতক্ষীরার ভদ্রখালী উচ্চ বিদ্যালয় এবং শ্যামনগনের এইচ পি পাইলট হাইস্কুল মাঠে জনসভা করার কথা রয়েছে তার। বৃহস্পতিবার দুপুরের পর সাতক্ষীরা থেকে খুলনার উদ্দেশে রওয়ানা হবেন তিনি। সেখানে পিপলস জুট মিল ময়দানে জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভা করার কথা রয়েছে। বুধবার সকালে ঢাকা থেকে সাতক্ষীরা যওয়ার পথে সাতটি নির্বাচনী সভা ও পথসভায় বক্তৃতা দেন এরশাদ। প্রত্যেকটি সভায় তিনি নিজেকে শেখ হাসিনার বড় ভাই দাবি করে মহাজোট প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/জিএনএ/১১০৭ ঘ.