মাকে হারালেন দীপু মনি
শিক্ষামন্ত্রীর মা রহিমা ওয়াদুদ শিক্ষকতা করতেন।
শিক্ষামন্ত্রী দীপু মনির মা রহিমা ওয়াদুদ মারা গেছেন।
শনিবার দুপুরে ঢাকার কলাবাগানে নিজ বাসভবনে তার মৃত্যু হয় বলে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানিয়েছেন।
রহিমা ওয়াদুদের বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
দীপু মনি বর্তমানে যুক্তরাজ্য সফরে রয়েছেন। তিনি রোববার সকালে দেশে ফিরবেন। তারপর বাদ আছর কলাবাগান মাঠে রহিমা ওয়াদুদের জানাজা হবে বলে জানিয়েছেন খায়ের।
বনানী কবরস্থানে রহিমা ওয়াদুদকে দাফনের কথা রয়েছে।
চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের বাসিন্দা রহিমা ওয়াদুদ শিক্ষকতা করতেন। তিনি চাঁদপুর মাতৃপিঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
