১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকার ১৩ আসনে মনোনয়নপত্র বিক্রির প্রস্তুতি শেষ, সিডির দাম কত?

“ত্রয়োদশ নির্বাচনের জন্য মনোনয়নপত্র প্রস্তুত। কোনো প্রার্থী এলেই কিনতে পারবেন।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2025, 10:41 PM

Updated : 26 Aug 2026, 05:19 PM

ঢাকা মহানগরের ১৩টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিক্রির প্রস্তুতি শেষ করেছে ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়।

ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি জারি হয়েছে। ছবি ছাড়া ভোটার তালিকার সিডির দাম নির্ধারণসহ বিভিন্ন কাজ গুছিয়ে আনা হয়েছে।

ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ত্রয়োদশ নির্বাচনের জন্য মনোনয়নপত্র প্রস্তুত। কোনো প্রার্থী এলেই কিনতে পারবেন।” 

রোববার এক প্রার্থী ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে গেলেও তিনি মনোনয়নপত্র নেননি। 

শরফ উদ্দিন বলেন, “কিছু আনুষ্ঠানিকতা আছে, ওটা তিনি জেনে নিয়েছেন। হয়তো কাল আসতে পারেন।”

আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন রেখে বৃহস্পতিবার জাতীয় সংসদ ও গণভোটের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২৯ ডিসেম্বর পর্যন্ত, তা বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। তার তিন সপ্তাহ পর হবে ভোটগ্রহণ।

প্রার্থিতা প্রত্যাহারের পর ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ হবে। সেক্ষেত্রে মনোনয়নপত্র জমার জন্য ১৮ দিন সময় দেওয়া হয়েছে এবং প্রচারের জন্য ২০ দিন সময় রয়েছে।

সারা দেশে ৩০০ সংসদীয় আসনের মধ্যে ঢাকা মহানগরে আছে ১৩টি।

ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ের কর্মকর্তারা বলছেন, প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহের আগে নির্ধারিত ফি জমা দিয়ে আসনভিত্তিক ভোটার তালিকার সিডি সংগ্রহ করতে হবে। পাশাপাশি তাদের জামানতের টাকাও জমা দিতে হবে।

এবার সংসদ নির্বাচনে প্রার্থী হতে হলে মনোনয়নপত্রের সঙ্গে ৫০ হাজার টাকা জামানত দিতে হবে। আগে এর পরিমাণ ছিল ২০ হাজার টাকা।

ভোটার সংখ্যা ও ‘ছবি ছাড়া’ ভোটার তালিকার দাম

ঢাকা-৪ আসনের ভোটার ৩ লাখ ৬২ হাজার ৫০৬ জন, এ আসনে ছবি ছাড়া ভোটার তালিকার সিডির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫০০ টাকা। 

ঢাকা-৫ আসনের ভোটার সংখ্যা ৪ লাখ ১৯ হাজার ৯৯৬ জন, এ আসনে ছবি ছাড়া ভোটার তালিকার সিডির মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ হাজার টাকা। 

ঢাকা-৬ আসনের ভোটার ২ লাখ ৯২ হাজার ২৮২ জন, এ আসনে ছবি ছাড়া ভোটার তালিকার সিডির মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৫০০ টাকা।  

ঢাকা-৭ আসনের ভোটার ৪ লাখ ৭৯ হাজার ৩৭৬ জন, এ আসনে ছবি ছাড়া ভোটার তালিকার সিডির মূল্য নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৫০০ টাকা। 

ঢাকা-৮ আসনের ভোটার ২ লাখ ৭৫ হাজার ৪৮৬ জন, এ আসনে ছবি ছাড়া ভোটার তালিকার সিডির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫০০ টাকা।

ঢাকা-৯ আসনের ভোটার ৪ লাখ ৬৯ হাজার ২৭৪ জন, এ আসনে ছবি ছাড়া ভোটার তালিকার সিডির মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ হাজার টাকা। 

ঢাকা-১০ আসনের ভোটার ৩ লাখ ৮৮ হাজার ৬৫৯ জন, এ আসনে ছবি ছাড়া ভোটার তালিকার সিডির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০০ টাকা। 

ঢাকা-১১ আসনের ভোটার ৪ লাখ ৪৫ হাজার ৭৮ জন, এ আসনে ছবি ছাড়া ভোটার তালিকার সিডির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫০০ টাকা। 

ঢাকা-১২ আসনের ভোটার ৩ লাখ ৩৩ হাজার ৩২০ জন, এ আসনে ছবি ছাড়া ভোটার তালিকার সিডির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ হাজার টাকা। 

ঢাকা-১৪ আসনের ভোটার ৪ লাখ ৫৬ হাজার ১৪ জন, এ আসনে ছবি ছাড়া ভোটার তালিকার সিডির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার টাকা।

ঢাকা-১৬ আসনের ভোটার ৪ লাখ ৭ হাজার ২৮৬ জন, এ আসনে ছবি ছাড়া ভোটার তালিকার সিডির মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। 

ঢাকা-১৭ আসনের ভোটার ৩ লাখ ৩৩ হাজার ৭৭৬ জন, এ আসনে ছবি ছাড়া ভোটার তালিকার সিডির মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০০ টাকা। 

ঢাকা-১৮ আসনের ভোটার ৬ লাখ ১৩ হাজার ৭৯৭ জন, এ আসনে ছবি ছাড়া ভোটার তালিকার সিডির মূল্য নির্ধারণ করা হয়েছে ৭ হাজার টাকা। 

এবার ভোটার প্রতি ১০ টাকা ব্যয় নির্ধারণ করেছে ইসি। সেক্ষেত্রে ভোটার সংখ্যা অনুপাতে সর্বোচ্চ ব্যয় করতে পারবেন প্রার্থীরা।