২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় পুলিশ বক্সে বাসের ধাক্কা, এসআই আহত

বাসটি হাই কোর্টের দিক থেকে শাহবাগের দিকে যাওয়ার সময় সড়ক বিভাজক ভেঙে পুলিশ বক্সে আঘাত করে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2024, 05:02 PM

Updated : 26 Aug 2026, 09:38 AM

রাজধানীর মৎস্য ভবন এলাকায় একটি যাত্রীবাহী বাস সড়ক বিভাজক ভেঙে ট্রাফিক পুলিশ বক্সে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় পুলিশের একজন এসআই আহত হয়েছেন। 

শুক্রবার বেলা ১১টায় পর এ দুর্ঘটনা ঘটেছে বলে রমনা ট্রাফিক বিভাগের শাহবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মেহেদী হাসান শাকিল জানান। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "শিকড় পরিবহনের বাসটি ট্রাফিক পুলিশ বক্সে ধাক্কা দেয়। তাতে ট্রাফিক পুলিশ বক্সটি বেশ ক্ষতিগ্রস্ত হয়।"

আর এ ঘটনায় আহত এসআই রেজওয়ানকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেজওয়ান মিরপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগে কর্মরত। 

বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন বলে জানান সহকারি পুলিশ কমিশনার শাকিল।

শাহবাগ থানার এসআই এলিস মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসটি হাই কোর্টের দিক থেকে শাহবাগের দিকে যাওয়ার সময় সড়ক বিভাজক ভেঙে পুলিশ বক্সে আঘাত করে।