Published : 30 Sep 2024, 11:28 PM
বিদেশি পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাট্রিজ (ইবিএফসিআই) এর প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে তিনি এ আশ্বাস দেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উপদেষ্টা বলেন, “পর্যটন আমাদের দেশের অন্যতম সম্ভাবনাময় খাত। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্যে তাদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হবে। প্রয়োজনে আন্তঃমন্ত্রণালয় সভা করে এ সংক্রান্ত নীতিমালা পরিবর্তনের পদক্ষেপ নেওয়া হবে।”
অনিবাসী বাংলাদেশিরা দেশের সম্পদ মন্তব্য করে তিনি বলেন, “বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
“এ দেশ আমাদের আপনাদের সবার। সবাই মিলে এ দেশকে গড়তে হবে।”
উপদেষ্টা বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে অনিবাসী বাংলাদেশিদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি কৃষি যান্ত্রিকীকরণে প্রয়োজনীয় সহযোগিতা এবং কৃষি খাতে বিনিয়োগের আহ্বান জানান।
কৃষিকে অর্থনীতির চালিকাশক্তি উল্লেখ করে উপদেষ্টা বলেন, “স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশের কৃষি খাতে সবচেয়ে বেশি উন্নতি ও অগ্রগতি সাধিত হয়েছে।”
সাক্ষাতে ২৬ সদস্যের ইবিএফসিআই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ওয়ালি তাসার উদ্দিন।