দিল্লিতেই আছেন শেখ হাসিনা, থাকছেন ‘লুটিনসের সুরক্ষিত’ বাংলোয়
বিশালাকার সেই বাংলোতে সাধারণত ভারতের মন্ত্রী, জ্যেষ্ঠ এমপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকেন; মর্যাদা অনুসারে শেখ হাসিনাকে সেখানেই থাকতে দেওয়া হয়েছে, লিখেছে দ্য প্রিন্ট।
গণ আন্দোলনের মুখে দেশ ছাড়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভারতেই রয়েছেন, এক সপ্তাহ আগেও সেটি জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও ঠিক কোথায়, কোন হালে অবস্থান করছেন, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি দেশটির সরকার।
তবে বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট এক প্রতিবেদনে বলেছে, দিল্লির লুটিনস বাংলো জোনের একটি সুরক্ষিত বাড়িতে দুই মাস ধরে থাকছেন শেখ হাসিনা। ভারত সরকারই ওই বাড়িতে তার থাকার বন্দোবস্ত করেছে।
বিশালাকার সেই বাংলোতে সাধারণত ভারতের মন্ত্রী, জ্যেষ্ঠ এমপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকেন। মর্যাদা অনুসারে শেখ হাসিনাকে সেখানেই থাকতে দেওয়া হয়েছে।
গোপনীয়তা ও নিরাপত্তার কারণে ওই বাড়ির সঠিক অবস্থান বা সড়ক নম্বর প্রকাশ না করার কথা লিখেছে প্রিন্ট।
সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি লিখেছে, নিরাপত্তার জন্য যথাযথ প্রটোকল নিয়ে আওয়ামী লীগ সভাপতি মাঝেমধ্যে লোদী গার্ডেনে হাঁটতে যান।
একটি সূত্র বলছে, “শেখ হাসিনা কঠোর নিরাপত্তায় থাকছেন। সাদাপোশাকে নিরাপত্তা কর্মকর্তারা তাকে ঘিরে থাকেন। মর্যাদা অনুযায়ী তিনি সেই সুরক্ষা পাচ্ছেন।
“দুই মাস ধরে তিনি ওই এলাকায় থাকছেন। তার সেখানে থাকার সব বন্দোবস্ত করা হয়েছে।”
প্রিন্টের প্রতিবেদনে বলা হয়েছে, তুমুল গণআন্দোলনে পদত্যাগ করে গত ৫ অগাস্ট ঘণিষ্ঠদের নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি উড়োজাহাজে ভারতের হিন্ডন বিমানঘাঁটিতে নামেন শেখ হাসিনা। সেখানে তার সঙ্গে সাক্ষাত করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। যদিও দুই দিনের মধ্যে সেই বিমানঘাঁটি ত্যাগ করেন হাসিনা।
দ্বিতীয় একটি সূত্রের বরাতে প্রিন্ট লিখেছে, “ওই বিমান ঘাঁটিতে বেশি সময় তিনি অবস্থান করেননি। তার থাকার ব্যবস্থাও পর্যাপ্ত ছিল না। যে কারণে কয়েক দিনের মধ্যে তাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তখন দিল্লির নিরাপদ ও সুরক্ষিত এলাকা লুটিনস বাংলোতে তার থাকার ব্যবস্থা করা হয়।”
আরও পড়ুন-
প্রিন্ট লিখেছে, লুটিনস বাংলো ব্যাপক সুরক্ষিত এলাকা। ভারতের সাবেক ও বর্তমান সংসদ সদস্যরা সেখানে থাকেন।
শেখ হাসিনা ওই বাড়ির বাইরে বের হন কি না, এমন প্রশ্নে দ্য প্রিন্টকে দ্বিতীয় সূত্রটি বলছে, “যখন বাইরে যাওয়ার প্রয়োজন হয়, তখন প্রধান নিরাপত্তা দলকে আগে ভাগে খবর দেওয়া হয়। সেই অনুযায়ী তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেন।”
ভারতে যাওয়ার সময় শেখ হাসিনার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা। লুটিনস বাংলো এলাকার বাড়িতে শেখ হাসিনা তার বোন রেহানার সঙ্গে থাকছেন কি না, সেটি নিশ্চিত নয়।
শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-এশিয়া অঞ্চলের কার্যালয়ে আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনিও দিল্লিতে থাকছেন। প্রথম কোনো বাংলাদেশি হিসেবে সায়মা ওয়াজেদ ওই দায়িত্ব পালন করছেন।
ছাত্র-জনতার প্রবল আন্দোলনে গত ৫ অগাস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটে।
সেদিন তিনি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে যান। দ্বিতীয় আরেক সূত্রের বরাতে প্রিন্ট বলছে, দুই দিন পর তিনি এয়ারবেস ত্যাগ করেন।
”ওই এয়ারবেসে তার দীর্ঘ সময় থাকার সুযোগ ছিল না। কেননা থাকার জন্য পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। যে কারণে কয়েক দিনের মধ্যে তাকে সুরক্ষিত স্থানে স্থানান্তর করার জন্য দিল্লির নিরাপদ আবাসস্থল হিসেবে পরিচিত লুটেনস এলাকার একটি বাংলোয় নিয়ে যাওয়া হয়।”
প্রিন্টের তথ্য অনুযায়ী সেখানে দুই মাস অবস্থানের মধ্যেও শেখ হাসিনা ভারতে আছেন, না কি অন্য কোনো দেশে চলে গেছেন, সে নিয়ে নানা আলোচনা চলছিল কিছুদিন আগে।
কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছিল, ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে চলে গেছেন হাসিনা। ভারত সরকার তার জন্য ‘ট্রাভেল ডকুমেন্ট’ ইস্যু করে থাকতে পারে– এমন কথাও বলা হচ্ছিল।
এসব বিষয়ে গত ১৭ অক্টোবর ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়ালের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে এসেছেন নিরাপত্তার জন্য। তিনি এখানেই আছেন।”
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত জুলাই-অগাস্টের প্রাণহানির ঘটনাকে ‘গণহত্যা’ বিবেচনা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
ট্রাইব্যুনালে বিচারকাজ শুরুর পর ১৭ অক্টোবর দুটি অভিযোগে শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ১৮ নভেম্বরের মধ্যে তাদের আদালতে হাজির করতে বলা হয়েছে।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেদিন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছিলেন, আদালতের বেঁধে দেওয়া এক মাস সময়ের মধ্যেই শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরানোর ‘সব চেষ্টা করা হবে’।
কোন পদ্ধতিতে সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত আনা হবে, এমন প্রশ্নে তিনি বলেন, “আমি এ নিয়ে আর কিছু বলতে চাই না। কী পদ্ধতিতে আনা হবে, পদ্ধতিটা তো গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে যে, কোর্ট বলেছে তাদেরকে অ্যারেস্ট করতে। অ্যারেস্টের ওয়ারেন্টটা তো আমার কাছে আসে নাই। গেছে নিশ্চয় পুলিশের কাছে। পুলিশ পারবে না, কারণ উনি দেশে নেই।
“তখন আমাদের সম্পৃক্ততার বিষয় আসবে। এটুকু আমার মনে হয় আজকের মত যথেষ্ট। কাজে এটা নিয়ে আপনারা আর যাই প্রশ্ন করেন না কেন, এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারব না।”
শেখ হাসিনার অবস্থানের তথ্যের বিষয়ে এক প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, “কোনো স্পেসিফিক তথ্য আসে নাই।তবে আমি যতটুকু আনঅফিসিয়ালি জানতে পেরেছি, যে উনি সম্ভবত দিল্লিতেই আছেন।”
