১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রতারণার মামলায় মডেল মেঘনার জামিন

“আশা করছি, আজ না হলেও মঙ্গলবার কারামুক্ত হবেন মেঘনা,” বলেন তার আইনজীবী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2025, 06:11 PM

Updated : 26 Aug 2026, 12:36 PM

প্রতারণা ও চাঁদাবাজির মামলায় জামিন পেয়েছেন মডেল মেঘনা আলম।

সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. ছানাউল্ল্যাহর আদালত শুনানি শেষে তার জামিনের আদেশ দেয়।

মেঘনার পক্ষে শুনানি করেন আইনজীবী মহসিন রেজা, তাহমীম মহিমা বাঁধন ও সাদমান সাকিব। 

শুনানি শেষে ‘নারী বিবেচনায়’ আদালত তার জামিন মঞ্জুর করেন বলে জানিয়েছেন আদালতে ধানমন্ডি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আবুল বাশার।

মেঘনার আইনজীবী তাহমীম মহিমা বাঁধন বলেন, “মেঘনার ৩০ দিনের আটকাদেশ বাতিল হয়েছে। ধানমন্ডি থানার মামলায় জামিননামা জমা দেওয়া হয়েছে। আজই (রোববার) কারাগারে জামিনের কাগজ পৌঁছে যাবে৷ 

“সেক্ষেত্রে তার কারামুক্তিতে কোনো বাধা নেই। আশা করছি, আজ না হলেও মঙ্গলবার কারামুক্ত হবেন মেঘনা।”

মডেল ও মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেঘনা আলম ২০২০ সালের ৫ অক্টোবর মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন। গত ৯ এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

আটকের আগে তিনি ফেইসবুক লাইভে এসে বাসার ‘দরজা ভেঙে পুলিশ পরিচয়ধারীরা’ ভেতরে প্রবেশের চেষ্টা করছে বলে অভিযোগ করেন। তাকে আটক করার পরপরই লাইভটি বন্ধ হয়ে যায়।

গত ১০ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দিয়ে মডেল মেঘনাকে কারাগারে পাঠানো হয়। এরপর গত ১৭ এপ্রিল প্রতারণার এ মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে।

মামলায় অভিযোগ করা হয়েছে, মেঘনা আলম ও দেওয়ার সমিরসহ অন্যান্য আসামি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা সুন্দরী মেয়েদের দিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিক/প্রতিনিধি ও দেশের ধনাঢ্য ব্যবসায়ীদের প্রেমের ফাঁদে ফেলে। 

অভিযোগে বলা হয়, তারা অবৈধ সম্পর্ক স্থাপন করিয়ে কৌশলে বিভিন্ন উপায়ে অবৈধ পন্থায় তাদের সম্মানহানীর ভয় দেখিয়ে অর্থ আদায় করে আসছে। 

এ মামলায় মেঘনার সহযোগী দেওয়ান সমির রিমান্ড শেষে কারাগারে রয়েছেন।