যাত্রা করল ‘আমিনুল ইসলাম ওস্তাদ স্মৃতি পাঠাগার’
পাঠাগার উদ্বোধনের পাশাপাশি ছিল ঢাকা বিষয়ক বই প্রদর্শনীর আয়োজন।
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ঢাকাবাসী’র উদ্যোগে যাত্রা করল ‘আমিনুল ইসলাম ওস্তাদ স্মৃতি পাঠাগার’।
মঙ্গলবার ঢাকার ইমান হাসান আলী রোডে ফাতেমা ল কলেজ প্রাঙ্গণে এক পাঠাগারের উদ্বোধন করার কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এক সময়র তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় প্রয়াত আমিনুল ইসলাম ওস্তাদের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে তার নামে পাঠাগার উদ্বোধনের পাশাপাশি ঢাকা বিষয়ক বই প্রদর্শনীর আয়োজন করা হয়।
প্রদর্শনীতে প্রাচীন ও ঐতিহ্যবাহী ঢাকা, বিশেষ করে পুরান ঢাকার ইতিহাস, সংস্কৃতি, স্থাপত্য, সমাজজীবন, ঐতিহ্য এবং নগর বিকাশ সম্পর্কিত বিভিন্ন বই ও প্রকাশনা প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে জাতীয় যুব সংগঠন ফেডারেশনের সভাপতি দুলাল বিশ্বাসকে ‘আমির হোসেন খান স্মৃতি যুব পুরস্কার’ এবং সাবাজের সিইও মুহাম্মদ নূরুস সাবাকে ‘আমিনুল ইসলাম ওস্তাদ স্মৃতি যুব পুরস্কার’ দেওয়া হয়।
এ আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি গাছের চারাও বিতরণ করা হয়।
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য ম তামিম, বাংলাদেশে জাতিসংঘ তথ্য কেন্দ্র ইউনিটের সাবেক কান্ট্রি হেড মো. মনিরুজ্জামান, সাবেক কমনওয়েলথ ইয়ুথ প্রোগ্রাম এশিয়া সেন্টার বাংলাদেশের দূত হাসান জামান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
