২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বস্তিকর ঈদযাত্রায় ‘ষোলোকলা পূর্ণ’ করল পদ্মাসেতুতে বাইক: কাদের

“ঈদ পরবর্তী সময়ে রাস্তায় দুর্ঘটনা প্রবণতা বেড়ে যায়। এই অবস্থায় খুবই সাবধানে সতর্কতার মাধ্যমে মোকাবেলা করতে হবে”, বলেন সড়ক মন্ত্রী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2023, 05:03 PM

Updated : 21 Apr 2023, 05:29 PM

এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়েছে দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মাসেতুতে মোটরবাইক চালু হওয়ায় ‘ষোলকলা পূর্ণ’ হয়েছে।

শুক্রবার দুপুরে ঢাকার শাহজালাল বিমানবন্দর মোড়ে বাস র‌্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, “এবার একটা ব্যতিক্রম হচ্ছে, গত কয়েক বছর পরে সম্পূর্ণ যানজটমুক্ত একটা ঈদ উপহার দেশের জনগণকে দিতে পেরেছি। এটা আমাদের জন্যও স্বস্তিদায়ক।

“এর মধ্যে পদ্মাসেতুতে মোটরবাইক চালু করায় ষোলকলা পূর্ণ হল। বাংলাদেশের তরুণ সমাজের জন্য এই ঈদ উপহার সবার মনে আনন্দ জুগিয়েছে।”

গত বছর ঈদুল আজহায় মহাসড়কে মোটর সাইকেল নিষিদ্ধ করার পর বাড়ি ফিরতে গিয়ে ব্যাপক ভোগান্তি হয়েছিল। তবে এবার সেই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে। লাখ লাখ মানুষ দুই চাকার বাহনে করে বাড়ি ফেরার কারণে সড়কে, রেলে ও নদীপথে যাত্রীচাপ ছিল তুলনামূলক কম। বৃহস্পতিবার রাতে উত্তরবঙ্গমুখি মহাসড়কে যানজট দেখা দিলেও এর আগে ও পরে মোটামুটি যানজটমুক্ত যাত্রাই হয়েছে।

ট্রেনে উপচে পড়া ভিড় দেখা গেল কেবল একটি রাতেই। এর আগে সীমিত সংখ্যক দাঁড়িয়ে যাওয়া যাত্রী ওঠার সুযোগ দেওয়ার কারণে ট্রেনগুলো ছুটতে পেরেছে স্বাভাবিক গতিতে। ফলে সময় বিপর্যয়ও দেখা যায়নি।

বাইকে ঈদযাত্রার পাশাপাশি মোটর সাইকেল নিয়ে পদ্মা সেতু পাড়ি দেওয়ার সুযোগ মিলেছে এবার। ২৪ ঘণ্টায় দেশের সবচেয়ে বড় সেতুটি পার হয়েছে ১২ হাজার মোটর সাইকেল।

গত বছরের জুনে সেতুটি উদ্বোধনের দিন কয়েকজন বাইকারের উচ্ছৃঙ্খল আচরণের কারণে সেতু দিয়ে মোটরসাইকেল পারাপার নিষিদ্ধ করা হয়।

সড়ক মন্ত্রী আরও স্বস্তিতে এ কারণে যে, ঈদযাত্রায় এবার সড়ক দুর্ঘটনাও কম হয়েছে। তিনি বলেন, “ঈদ পরবর্তী সময়ে রাস্তায় দুর্ঘটনা প্রবণতা বেড়ে যায়। এই অবস্থায় খুবই সাবধানে সতর্কতার মাধ্যমে মোকাবেলা করতে হবে। এ ব্যপারে কর্মকর্তাদের আমরা নির্দেশ দিয়েছি। সবাই মিলে চেষ্টা করলে রাস্তায় প্রাণহানি আমরা কমাতে পারব। আমাদের মনিটরিং সেল আছে, তাদের আমরা নতুন করে নির্দেশনা দিয়েছি। তারা ঈদের পরেও সতর্ক থাকবে।”

ঈদ শেষে নগরে ফেরার যাত্রা কতটা স্বস্তিদায়ক হবে- এই প্রশ্নে কাদের বলেন, “কর্মস্থলে ফেরার ব্যপারেও সবাই সতর্ক থাকবে।”

বিআরটি ঝিলমিল পর্যন্ত চায় বিশ্ব ব্যাংক, কাদেরের ‘না’

গাজীপুর থেকে বিমানবন্দর মোড় পর্যন্ত চলা বিআরটি প্রকল্পটি কেরানীগঞ্জের ঝিলমিল পর্যন্ত নিয়ে যেতে বিশ্ব ব্যাংক প্রস্তাব দিয়েছিল বলেও জানান ওবায়দুল কাদের। বলেন, এ প্রকল্পে ভোগান্তির চিত্র দেখে তা নাকচ করেছেন তিনি।

সড়ক মন্ত্রী এমনও বলেছেন, প্রকল্পটি গ্রহণ করার আগে আরও বিবেচনা করা উচিত ছিল।

“কোথাও কোনো ব্যর্থতা থাকলে সেটা স্বীকার করার সৎ সাহস আমার আছে। আমরা অনেক কাজ করেছি, বাংলাদেশের সড়ক ব্যবস্থায় আপনারা বাংলাদেশের যেখানে যাবেন, সমতল থেকে পাহাড় পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা আমরা সুদৃঢ় করেছি। এই প্রকল্পটিতে গাজীপুরের ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত দুর্বল। এখানে বৃষ্টি হলে পানি সরে না।

“বিশ্ব ব্যাংক এই প্রকল্পটি ঝিলমিল পর্যন্ত, প্রথমত মহাখালী পর্যন্ত নেওয়ার প্রস্তাব দিয়েছে। আমি বলেছি দরকার নেই। এই প্রকল্পে যে পরিমাণ ভোগান্তি, সারা বাংলাদেশে কোথাও এমনটি হয়নি। এমনকি মেট্রোরেলও এতটা দুর্ভোগের কারণ হয়নি।”

বিআরটির কাজ কবে শেষ হবে, জানতে চাইলে তিনি বলেন, “আমি গতবার বলেছি এই ঈদের তেমন ভোগান্তি থাকবে না, সেটা হয়েছে। আমি আশা করি আগামী ঈদের আগে কাজ থাকবে না, শেষ হয়ে যাবে।”

রাজধানীর যানজটের অবসান কবে– এমন প্রশ্নে সড়ক মন্ত্রী বলেন, “ঢাকা শহরটা গড়ে উঠেছে পরিকল্পনাহীনভাবে। আমাদের উন্নয়ন অর্জনের সঙ্গে ঢাকা শহরের উন্নয়ন ঠিক পরিকল্পিত না, আধুনিকও নয়। এখনও পিছিয়ে থাকা তিনটা শহরের মধ্যে একটা হল ঢাকা, এটা বসবাসের অযোগ্য শহর।

“ঢাকায় ছয়টি মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেস করছি। আশা করছি তেজগাঁও পর্যন্ত অক্টোবর-নভেম্বরের দিকে উদ্বোধন করতে পারব। এই উন্নয়ন কাজগুলো শেষ হলে, এরপর রোড র‌্যাশনালাইজেশনে যে উদ্যোগ সিটি করপোরেশন নিয়েছে, আমার বিশ্বাস এই ঢাকা শহরের ছবি পরিবর্তন হবে। শহর আরও আধুনিক হবে, আমাদের সামগ্রিক উন্নয়নের মঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।”