১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আদ-দ্বীন হাসপাতালে ‘অবহেলায়’ ৬ শিশুর মৃত্যু, মামলা করলেন এক বাবা

আসামি হিসেবে মামলার এজাহারে কারো নাম বলা হয়নি, কাউকে গ্রেপ্তারও করা হয়নি।

আদ-দ্বীন হাসপাতালে ‘অবহেলায়’ ৬ শিশুর মৃত্যু, মামলা করলেন এক বাবা
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া কন্যা শিশুকে কোলে নিয়ে এক পিতা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2026, 01:34 AM

Updated : 11 Sep 2026, 03:19 PM

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে।

‘অবহেলাজনিত মৃত্যুর’ অভিযোগ এনে ছয় শিশুর মধ্যে একজনের বাবা বুধবার বিকালের পর রমনা থানায় মামলা করেছেন বলে পুলিশ জানিয়েছে।

তবে আসামি হিসেবে মামলার এজাহারে কারো নাম দেওয়া হয়নি, কাউকে গ্রেপ্তারও করা হয়নি।

এদিন ভোরের দিকে হাসপাতালের ‘পোস্ট ডেলিভারি ওয়ার্ডে’ ওই শিশুদের মৃত্যু হয়। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। এ ঘটনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

এর পরই মামলা করার তথ্য দিল পুলিশ।

ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির রমনা জোনের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, “অবহেলাজনিত মৃত্যুর কথা তুলে ধরে এক ভিকটিম নবজাতকের বাবা মামলা করেছেন। মামলায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।”

মামলার এজাহারে আসামি হিসেবে কারো নাম না দিয়ে ‘কর্তৃপক্ষ’ লেখার বিষয়ে তিনি বলেন, “তদন্তে যার বা যাদের অবহেলার কারণে মৃত্যুর ঘটনা ঘটার তথ্য-প্রমাণ পাওয়া যাবে সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

কোরবানির ঈদের আগের দিন সকালে আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর খবর পুরো বাংলাদেশকে নাড়িয়ে দেয়। খবর পেয়ে সেখানে ছুটে যান পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

মৃত শিশুগুলোর পরিবারের পক্ষ থেকে অবহেলার অভিযোগ আনা হলেও ঠিক কী কারণে শিশুগুলোর মৃত্যু হয়েছে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি কেউ।

এই ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও অস্বাভাবিক’ হিসেবে বর্ণনা করে অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, ওই ওয়ার্ডে ১১ জন মা ছিলেন। তাদের মধ্যে ৬ জন মা তাদের শিশুর সন্তানসহ ছিলেন। শিশুগুলোর বয়স একদিন থেকে তিন দিনের ভেতরে। আর বাকি পাঁচ শিশু এনআইসিইউতে চিকিৎসাধীন ছিল।

ওই ওয়ার্ডে এসি বন্ধ করলে বায়ু চলাচলের কোনো ব্যবস্থা ছিল না, ফলে একটি শ্বাসরুদ্ধকর পরিবেশ সেখানে দেখার কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: ‘ভালোমন্দ হইলে তারা দায়িত্ব নিয়া করবো, এই আশায় আইছিলাম’

আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: কক্ষের পরিবেশ ছিল ‘সাফোকেটিভ’, বললেন স্বাস্থ্যের ডিজি

৬ নবজাতকের মৃত্যু: ঝাঁকে ঝাঁকে প্রশ্ন, যা উত্তর দিল আদ-দ্বীন কর্তৃপক্ষ