Published : 16 Apr 2026, 03:33 PM
ঢাকার মোহাম্মদপুরে কিশোর গ্যাং ‘এলেক্স গ্রুপের’ হোতা ইমন ওরফে ‘এলেক্স’ ইমনকে কুপিয়ে হত্যা মামলায় ছয়জনকে চারদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
তদন্ত কর্মকর্তার আবেদনের ওপর শুনানি নিয়ে বৃহস্পতিবার এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মনিরুল ইসলাম।
প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান জানান, রিমান্ডে যাওয়া আসামিরা হলেন—সাঈদ হোসেন শিমুল ওরফে আইয়ুশ, তুহিন বিশ্বাস, রাব্বি কাজী, সুমন ওরফে পাখির পোলা সুমন, রানা ও রাসেল ওরফে পিচ্চি রাসেল।
গত রোববার বিকালে বুদ্ধিজীবী রোডের বেড়িবাঁধের ঢালে প্রতিপক্ষের কয়েকজন মিলে ইমনকে কুপিয়ে আহত করে। সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পরদিন তার মা ফেরদৌসী মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়েরের করেন।

মামলা দায়েরের পর এ ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার তাদের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই সাধন কুমার মন্ডল। সেদিন আসামিদের কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার দিন রাখে আদালত।
এদিন শুনানিকালে আসামিদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামিদের পক্ষে শফিকুল ইসলাম শফিকসহ কয়েকজন রিমান্ড আবেদন বাতিল করে জামিন আবেদন করেন।
শুনানি নিয়ে আদালত আসামিদের চার দিন করে রিমান্ডের আদেশ দেয়।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১২ এপ্রিল দুপুর দেড়টার দিকে এলেক্স ইমনকে বাসায় রাখা মাছ নিয়ে আসতে খবর পাঠান তার শ্বশুর। মাছ আনতে বাসা থেকে বের হন তিনি। আড্ডা দিয়ে বিকাল সাড়ে ৪ টার দিকে মোহাম্মদপুরের বুদ্ধিজীবী রোডের বেড়িবাঁধের ঢালে পৌঁছাতেই পূর্ব শত্রুতার জেরে তার উপর অতর্কিত হামলা চালায়। তাকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করা হয়।
রক্তক্ষরণে জ্ঞান হারায় এলেক্স ইমন। আশপাশের লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।