১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নগর ভবনে ইশরাক সমর্থকদের ওপর হামলার অভিযোগ

“আমাদের মেরে প্রকৌশল বিভাগে তার রুমের তালা খুলেন প্রকৌশলী কিবরিয়া,” দাবি শ্রমিক-কর্মচারী ইউনিয়ন নেতা কাইয়ুমের।

নগর ভবনে ইশরাক সমর্থকদের ওপর হামলার অভিযোগ
আহত সমর্থকদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইশরাক হোসেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2025, 06:59 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে এক প্রকৌশলীসহ কয়েকজনের বিরুদ্ধে।

মঙ্গলবার দুপুরের এ ঘটনায় ইশরাককে মেয়রের শপথ পড়ানোর আন্দোলন চালিয়ে আসা পাঁচজন আহত হয়েছেন বলে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের অর্থ বিষয়ক সম্পাদক আবদুল কাইয়ুম দাবি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কাইয়ুম বলেন, প্রতিদিনের মত তারা নগর ভবনে অবস্থান করছিলেন। দুপুরে প্রকৌশলী গোলাম কিবরিয়া রুবেলসহ কয়েকজন এসে তাদের ওপর আক্রমণ করেন। এরপর প্রকৌশল বিভাগে গিয়ে কিবরিয়া তার কক্ষের তালা খুলে ফেলেন।

তিনি বলেন, “গোলাম কিবরিয়া উপদেষ্টা আসিফ মাহমুদের আশীর্বাদপুষ্ট। ঢাকাবাসীর আন্দোলন চলার সময় ওই রুমে (কিবরিয়ার কক্ষ) তালা দেওয়া হয়েছিল। নগর ভবন খুললেও ওই কক্ষ তালাবদ্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল। আরিফুজ্জামান প্রিন্সসহ নগর ভবনের কয়েকজন কর্মচারী ও বহিরাগতদের নিয়ে আমাদের ওপর হামলা চালান রুবেল।

“আমাদের মেরে প্রকৌশল বিভাগে তার রুমের তালা খুলে সেখানে কিছুক্ষণ বসেন। পরে আমাদের আরও লোকজন আসলে তারা সেখান থেকে চলে যান। আমিও ওই ঘটনার সময় আহত হয়েছি, এখন ঢাকা মেডিকেলে ভর্তি।”

আহত সমর্থকদের দেখতে বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান ইশরাক হোসেন।

হামলার অভিযোগের ব্যাপারে প্রকৌশলী গোলাম কিবরিয়ার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি। আর আরিফুজ্জামান প্রিন্সের মোবাইল ফোনে কল দিলে নম্বর বন্ধ পাওয়া যায়।