নির্দলীয় প্রার্থী হয়ে বিধান সভায় নির্বাচিত হওয়া মুকুল সাংমা এখন মেঘালয়ে কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন। চিকিৎসক হলেও এখন পুরোপুরি সক্রিয় রাজনীতিতে, যার শুরু ১৯৯৩ সালে। সে বছর স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমপাতিগিরি থেকে বিধান সভার সদস্য নির্বাচিত হন। মেঘালয় ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যান করা হয় তাকে। এরপর কংগ্রেসে যোগ দেন মুকুল। কংগ্রেসের টিকিটে ১৯৯৮, ২০০৩ ও ২০০৮ সালে বিধান সভায় ঢোকেন তিনি।
২০০৩ সালে মুখ্যমন্ত্রী ডি ডি ল্যাপাংয়ের সরকারে গৃহ ও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান মুকুল। ২০০৫ সালের ১১ এপ্রিল তাকে মেঘালয়ের উপ মুখ্যমন্ত্রী করা হয়। কিন্তু সে বছর ৩০ সেপ্টেম্বর মাধ্যমিক শিক্ষা বোর্ড সংক্রান্ত সরকারের উচ্চ পর্যায়েরর প্রতিনিধিদের এক সুপারিশের বিরুদ্ধে আন্দোলনরতদের ওপর পুলিশের গুলিতে উইলিয়ামনগরে পাঁচজন এবং ওয়েস্ট গারো হিলস জেলার তুরায় চার জন নিহত হলে ৭ অক্টোবর পদত্যাগ করতে হয় তাকে। তবে ২০০৯ সালে তিনি আবার উপ মুখ্যমন্ত্রীর দায়িত্বে ফেরেন। ২০১০ সালের ১৯ এপ্রিল ল্যাপাং মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালে পরদিন মুখ্যমন্ত্রী হন মুকুল।
মুকুলের জন্ম ১৯৬৫ সালের ২০ এপ্রিল বর্তমান ওয়েস্ট গারো হিলস জেলার চেংকোমপাড়া গ্রামে। আমপাতি ও শিলং-এ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক লেখাপড়ার পাঠ চুকিয়ে ইম্ফলের রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (আরআইএমএস) থেকে ১৯৮৯ সালে চিকিৎসা শাস্ত্রে স্নাতক ডিগ্রি নেন। ছাত্রজীবনে অনেকগুলো সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন মুকুল।
bdnews24