২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিএম কাদেরের জাপা চেয়ারম্যান পদে বাধা কাটল

২০২২ সালের ৪ অক্টোবর জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত নেতা জিয়াউল হক মৃধা আদালতে মামলা করেছিলেন।

জিএম কাদেরের জাপা চেয়ারম্যান পদে বাধা কাটল
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর তার ভাই দলের চেয়ারপারসন হন। কিন্তু তার নেতৃত্ব নিয়ে দলের ভেতরে আছে প্রশ্ন। দলে ভাঙনের পাশাপাশি আদালতেও হয় চ্যালেঞ্জ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2024, 04:52 PM

Updated : 26 Aug 2026, 09:34 AM

সংসদের বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালন নিয়ে হাই কোর্টের আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ।

এর ফলে দলের চেয়ারম্যান হিসেবে তার কাজ চালাতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

রোববার এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে চার বিচারপতির দ্বিতীয় আপিল বেঞ্চ এ আদেশ দেয়। একইসঙ্গে হাই কোর্টের দেওয়া রুল নিষ্পত্তি করতে বলেছে আপিল বিভাগ।

জাতীয় পার্টির নেতার পক্ষে শুনানি করেন মো. অজি উল্লাহ ও শেখ সিরাজুল ইসলাম। প্রতিপক্ষে ছিলেন সাঈদ আহমেদ রাজা।

আদালতের আদেশ উল্লেখ করে আইনজীবী অজি উল্লাহ বলেন, “এতে জি এম কাদেরের জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে এবং জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালনে কোনো বাধা রইল না।“ 

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের প্রয়াণের পর তার ভাই দলের প্রধানের পাশাপাশি বর্তমানে সংসদে বিরোধীদলীয় নেতার দায়িত্বও পালন করছেন।

২০২২ সালের ৪ অক্টোবর জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত নেতা জিয়াউল হক মৃধা বিচারিক আদালতে একটি মামলা করেন যেখানে চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়। 

এতে বলা হয়, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর মারা যান। হাই কোর্ট বিভাগের একটি রিট মামলা বিচারাধীন থাকার পরও ‘জাল-জালিয়াতির মাধ্যমে’ ওই বছর ২৮ ডিসেম্বর কাউন্সিল করে নিজেকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন জি এম কাদের।

এরপর দলের গাজীপুর মহানগর কমিটির উপদেষ্টা আতাউর রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক সবুর শিকদার, মুক্তিযোদ্ধা বিষয়ক রফিকুল ইসলাম ও কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আজিজকে বহিষ্কার করা হয়। 

বাদীকেও অগঠনতান্ত্রিক ও অবৈধভাবে বহিষ্কার করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।

ওই বছরের ৩১ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেয়। 

এর বিরুদ্ধে জেলা জজ আদালতে মিস আপিল করেন কয়েকজন আইনজীবী। এতে বিচারিক আদালতের নিষেধাজ্ঞা প্রত্যাহার চাওয়া হয়। কিন্তু গত বছরের ২৪ নভেম্বর শুনানি শেষে জেলা জজ সেই আবেদন নাকচ করে দেয়। 

এরপর জেলা জজের সেই আদেশের বিরুদ্ধে হাই কোর্টে রিভিশন আবেদন করেন জিএম কাদের। 

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ২৯ নভেম্বর জিএম কাদেরের দায়িত্ব পালনে জজ আদালতের নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করে রুল জারি করে হাই কোর্ট।

হাই কোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন জিয়াউল হক মৃধার আইনজীবীরা। চেম্বার আদালত কোনো নিষেধাজ্ঞা না দিয়ে শুনানির জন্য আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয়। 

সেই আবেদনের ওপরই শুনানি নিয়ে লিভ টু আপিল খারিজ করে আপিল বিভাগ। 

আরও পড়ুন

সংসদে জিএম কাদেরই আমাদের নেতা: চুন্নু

জিএম কাদের বিরোধী দলীয় নেতা, আনিসুল ইসলাম উপনেতা

আওয়ামী লীগ ছাড়া অন্য দলের টিকে থাকা নিয়ে সংশয়ে জি এম কাদের

এ সংসদ নিখুঁতভাবে দায়িত্ব পালনে সক্ষম নয়: জি এম কাদের