Published : 04 Mar 2026, 01:26 PM
দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ও তার মেয়ে নাফিসা কামালের ব্যাবসায়িক অংশীদার মোহাম্মদ আবু নোমানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
দুদকের আবেদনের প্রেক্ষিতে বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
দুদকের পক্ষে সংস্থার পরিচালক আবুল হাসনাত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, “আ হ ম মোস্তফা কামাল, তার স্ত্রী কাশমিরী কামাল এবং তাদের দুই মেয়ে কাশফি কামাল ও নাফিসা কামালরা সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়ায় শ্রমিক পাঠিয়ে, দুবাইয়ে সম্পত্তি গড়া, শেয়ার কারসাজি এবং বিভিন্ন অনিয়মের মাধ্যমে বিধি বহির্ভূতভাবে অর্থ উপার্জন করে বিদেশে পাচার করেন।
“মোস্তফা কামাল ও নাফিসা কামালের ব্যবসায়ী পার্টনার, কানাডা-দুবাইয়ের স্থায়ী নাগরিক ও অর্থ পাচারকারী মোহাম্মদ আবু নোমান মালিকানাধীন সকল মেডিক্যাল চেকআপ সেন্টার স্থায়ীভাবে বন্ধ করতে ও তার সব সম্পদ রাষ্ট্রীয়করণ সংক্রান্ত অভিযোগেরর অনুসন্ধান চলছে। অনুসন্ধানের বিষয়টি রাষ্ট্রের স্বার্থে অর্থপাচার বন্ধে গুরুত্বপূর্ণ।”
দুদক বলছে, আবু নোমান নিয়মিতভাবে বিভিন্ন দেশ ভ্রমণ করেন এবং বছরের একটা বড় অংশই বিদেশে থাকেন। তার একাধিক দেশের নাগরিকত্ব থাকার সম্ভাবনা রয়েছে। অনুসন্ধান চলমান থাকায় তিনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলেও খবর এসেছে।
তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন।