১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শহীদ মিনার এলাকায় কলেজছাত্র হত্যা: অস্ত্রসহ গ্রেপ্তার সালাউদ্দিন ৪ দিন রিমান্ডে

গোপালগঞ্জের দক্ষিণপাড়ার ভাড়া বাসা থেকে পিস্তল ও গুলিসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।

শহীদ মিনার এলাকায় কলেজছাত্র হত্যা: অস্ত্রসহ গ্রেপ্তার সালাউদ্দিন ৪ দিন রিমান্ডে
রাকিবুল ইসলাম রাকিব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2026, 07:56 PM

Updated : 26 Aug 2026, 03:12 PM

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় খুন হওয়া কলেজ শিক্ষার্থী রাকিবুল ইসলাম রাকিব হত্যা মামলায় অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার সালাউদ্দিন সাগরকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

তদন্ত কর্মকর্তার আবেদনে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার রিমান্ডের এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী রিমান্ডের এ তথ্য দেন।

বুধবার রাত সাড়ে ৩টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী সদরের দক্ষিণপাড়ার ভাড়া বাসা থেকে পিস্তল ও গুলিসহ সালাউদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।

বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মো. মিঠু সরকার নতুন করে গ্রেপ্তার এ আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সালাউদ্দিন তার সহযোগী ও অন্য আসামি গোলাম রসুল শিহাব, রাফিন শেখ, শাহারিয়ার নাজিম জয়, সাগর ফকিরসহ অজ্ঞাতনামা অন্যান্য আসামির সহায়তায় এ ঘটনা ঘটিয়েছে বলে স্বীকার করেছে।

তবে কী কারণে রাকিবকে হত্যা করা হয়েছে, কারও নির্দেশে করেছে কিনা এবং এ ঘটনায় আর কে কে জড়িত রয়েছে সেসব তথ্য পাওয়া যায়নি বলে আবেদনে তুলে ধরা হয়। 

আবেদনে এজন্য মামলার সুষ্ঠ তদন্তে ও ঘটনার মূল রহস্য উদঘাটনে এবং সঠিক তথ্য সংগ্রহে আসামিকে নিয়ে ঢাকা শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার জন্য রিমান্ডেরে প্রয়োজনীয়তার কথা বলা হয়। 

এর আগে বুধবার শিহাব ও সাগর নামে আরেকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। অপর দুই আসামি রাফিন ও জয়ের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।

রোববার রাতে শহীদ মিনারে খুন হন শেখ বোরহানুদ্দীন কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র রাকিব। এ ঘটনায় তার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী তরিকুল ইসলাম খোকন সোমবার মামলা করেন। 

আরও পড়ুন

শহীদ মিনারে কলেজছাত্র হত্যা: দুজনের স্বীকারোক্তি, দুজন রিমান্ডে

শহীদ মিনারে রাকিব হত্যায় গ্রেপ্তার ৫

শহীদ মিনার এলাকায় কুপিয়ে, গুলি করে কলেজছাত্রকে হত্যা

রাকিবের পছন্দের স্থান শহীদ মিনার, সেখানেই কুপিয়ে, গুলি করে হত্যা

শহীদ মিনার এলাকায় কুপিয়ে, গুলি করে কলেজছাত্রকে হত্যা

শহীদ মিনারে কুপিয়ে ও গুলি করে কলেজছাত্র হত্যায় গ্রেপ্তার ৩

'পরিচিত তরুণীর স্বামীর পরিকল্পনায়' রাকিব হত্যা: পুলিশ