শহীদ মিনারে কলেজছাত্র হত্যা: দুজনের স্বীকারোক্তি, দুজন রিমান্ডে
আসামিদের মধ্যে শিহাবকে শহীদ মিনার থেকে, সাগরকে পটুয়াখালী এবং রাফিন ও জয়কে খুলনা থেকে গ্রেপ্তার করা হয়।
কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কলেজছাত্র রাকিবুল হাসান রাকিবকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় দুই আসামি আদালতে জবানবন্দি দিয়েছেন।
বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে জবাবন্দি দেন গোলাম রসুল শিহাব এবং সাগর কবির।
এদিন মামলার অন্য দুই আসামি রাফিন শেখ ও শাহরিয়ার নাজিম জয়কে পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মো. মিঠু সরকার এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, "চার আসামির মধ্যে শিহাবকে ঘটনাস্থল শহীদ মিনার থেকে, সাগরকে পটুয়াখালী থেকে এবং রাফিন ও জয়কে খুলনা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর চার আসামিকে আদালতে হাজির করা হয়।"
রোববার রাতে শহীদ মিনারে হত্যা করা হয় শেখ বোরহানুদ্দীন কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র রাকিবুল ইসলাম রাকিবকে। এ ঘটনায় তার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী তরিকুল ইসলাম খোকন সোমবার মামলা করেন।
মামলায় বলা হয়, রাকিব রোববার রাত সাড়ে ৮টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে যান। সেখানে পৌঁছানো মাত্র তাকে গুলি করা হয়। রাকিব রক্তাক্ত অবস্থায় রাস্তায় পরে গেলে অচেনা পাঁচ থেকে ছয়জন তাকে ছুরিকাঘাত করে।
আরো পড়ুন
