১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আয় বহির্ভূত সম্পদ: দস্তগীর গাজী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করবে দুদক

দস্তগীরের ছয়টি ব্যাংক হিসাবে ২৫৭ কোটি ৭৫ হাজার ৪৮৯ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

আয় বহির্ভূত সম্পদ: দস্তগীর গাজী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করবে দুদক
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী গত ২৪ অগাস্ট গ্রেপ্তার হওয়ার পর থেকে কারাগারে আছেন। ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2025, 03:39 PM

Updated : 26 Aug 2026, 11:57 AM

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং তার স্ত্রী হাসিনা গাজীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেছেন, সংস্থাটি তাদের বিরুদ্ধে মামলা অনুমোদন করেছে।

নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য দস্তগীর গাজীর বিরুদ্ধে অভিযোগ, তিনি ২৩ কোটি ৫১ লাখ ৩৩ হাজার ৫৮২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া, তার ছয়টি ব্যাংক হিসাবে ২৫৭ কোটি ৭৫ হাজার ৪৮৯ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। 

দুদকের অনুসন্ধানে গাজীর নামে ৪৪৮ কোটি ৪২ লাখ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে, যার মধ্যে বৈধ আয়ের পরিমাণ ৪২৪ কোটি ৯০ লাখ টাকা।

দস্তগীর গাজীর স্ত্রী হাসিনা গাজীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে ৯ কোটি ৬৯ লাখ ২৪ হাজার ৫৫৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য মিলেছে। আর তার পাঁচটি ব্যাংক হিসাবে ৩১ কোটি ৬৯ লাখ ৩৮ হাজার ৫১৩ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্যও পাওয়া গেছে। 

২০২৩ সালের আগস্টে গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে দুদক তদন্ত শুরু করে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। এরপর, ২৪ আগস্ট রাজধানীর শান্তিনগরে এক আত্মীয়ের বাড়ি থেকে গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে রূপগঞ্জ থানায় দায়ের করা স্কুলছাত্র রোমান মিয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।