১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

হোসেন হত্যা: হাসিনাসহ ৩৪ জনের মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল

এ মামলায় পলকসহ চারজন কারাগারে আছেন।

হোসেন হত্যা: হাসিনাসহ ৩৪ জনের মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2026, 02:42 PM

Updated : 11 Sep 2026, 03:29 PM

জুলাই আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুরে ট্রাক চালক হোসেনকে গুলি করে হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পিছিয়ে আগামী ২৬ জুলাই দিন রেখেছে আদালত।

বৃহস্পতিবার ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলমের আদালতে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ছিল। তবে কারাগারে থাকা আসামিদের আদালতে হাজির না করায় শুনানি পিছিয়ে নতুন দিন ঠিক করেন বিচারক।

সাবেক আেইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের আইনজীবী তরিকুল ইসলাম বলেন, “মামলাটির আজ অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ছিল। পলককে আদালতে হাজির করা হয়নি। 

“তার পক্ষে সময় আবেদন করি। অন্যান্য আসামিদের পক্ষেও সময় আবেদন করা হয়। আদালত পরবর্তী শুনানির দিন ২৬ জুলাই ধার্য করেছেন।”

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই মোহাম্মদপুরে হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন সাজ্জাদ ও শাহিন নামে দুই ব্যক্তি।

হোসেনের মৃত্যুর ঘটনায় তার মা মোসাম্মৎ রীনা বেগম ২০২৪ সালের ৩১ অগাস্ট শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

তদন্ত করে শেখ হাসিনাসহ ৩৪ জনকে আসামি করে গেল বছরের ২৩ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন মোহাম্মদপুর থানার এসআই মো. আকরামুজ্জামান।

এ মামলায় শেখ হাসিনাসহ ২০ জন পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

শেখ হাসিনা ছাড়াও পলাতকদের মধ্যে রয়েছেন—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ চারজন এ মামলায় কারাগারে আছেন। জামিনে রয়েছেন ১০ জন।