‘এটাই হয়ত শেষ চাওয়া’: সহকর্মীকে এসএমএস দিয়ে নিখোঁজ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা
মোবাইল ফোন ট্র্যাক করে রোববার দুপুর ১২টা ৫৩ মিনিটে নাঈম রহমানের ফোনের সর্বশেষ অবস্থান পাওয়া যায় সায়েদাবাদ এলাকায়।
ঋণগ্রস্ত দশার কথা জানিয়ে সহকর্মীকে এসএমএস পাঠিয়ে নিখোঁজ হয়েছেন বাংলাদেশ ব্যাংকের একজন উপপরিচালক।
বাংলাদেশ ব্যাংক অফিসার্স কাউন্সিল ওয়েলফেয়ার কাউন্সিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, উপপরিচালক সৈয়দ নাঈম রহমান রোববার দুপুরে তার অফিসের এক সহকর্মীকে এসএমএস পাঠান। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
মোবাইল ফোন ট্র্যাক করে রোববার দুপুর ১২টা ৫৩ মিনিটে নাঈম রহমানের ফোনের সর্বশেষ অবস্থান পাওয়া যায় সায়েদাবাদ এলাকায়।
কাউন্সিল বলছে, প্রতিদিনের মত রোববার সকালে অফিসে গিয়েছিলেন নাঈম রহমান। দুপুর ১২টার পর নিজের ব্যাগ ও আইডি কার্ড অফিসে রেখেই বেরিয়ে যান।
সহকর্মীকে পাঠানো বার্তায় নিজের ঋণগ্রস্ত দশার কথা জানিয়ে ছোট বোনের জন্য একটি চাকরির ব্যবস্থা করার অনুরোধ জানান নাঈম। তিনি লেখেন, "এটাই হয়ত আমার শেষ চাওয়া।"
সহকর্মীরা বলছেন, নাঈম রহমান একজন ‘শান্ত-স্বভাবের দায়িত্বশীল’ কর্মকর্তা। সাম্প্রতিক সময়ে আর্থিক ও পারিবারিক চাপের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
তার নিখোঁজ থাকার ঘটনায় রাজধানীর মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করছেন তার মা সাজ্জাদা রহমান জলি।
