১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মন্ত্রণালয়ের কমিটির পর পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

দাবি বাস্তবায়নে গড়িমসি হলে আবার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

মন্ত্রণালয়ের কমিটির পর পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত
ঢাকার তেজগাঁওয়ের সাত রাস্তা মোড়ে বুধবার সড়ক অবরোধ করে প্ল্যাকার্ড হাতে দাবিদাওয়া তুলে ধরেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা। ছবি: মাহমুদ জামান অভি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2025, 10:07 PM

Updated : 26 Aug 2026, 12:34 PM

আন্দোলনরত পলিটেকনিকের শিক্ষার্থীদের ছয় দফা দাবি ‘বাস্তবায়নের রূপরেখা প্রণয়নে’ শিক্ষা মন্ত্রণালয় কমিটি গঠনের পর আন্দোলন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে চলমান আন্দোলন স্থগিতের ঘোষণা দেন শিক্ষার্থীরা। তবে দাবি বাস্তবায়নে গড়িমসি দেখলে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এর আগে এদিন বিকালে পলিটেকনিকের শিক্ষার্থীদের ছয় দফা দাবি ‘বাস্তবায়নে রূপরেখা প্রণয়নে’ শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে কমিটি গঠন করে।

আট সদস্যের এ কমিটিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্লাটফর্ম কারিগরি ছাত্র আন্দোলনের একজন উপদেষ্টাও সদস্য হিসেবে আছেন। 

কমিটিকে তিন সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

দীর্ঘদিন থেকে এসব দাবি জানিয়ে আসা পলিটেকনিকের শিক্ষার্থীরা সবশেষ গত ১৭ এপ্রিল থেকে আন্দোলন জোরদার করে। দেশজুড়ে বিভিন্ন স্থানে সড়ক অবরোধের পাশাপাশি ’রেল ব্লকেডের’ কর্মসূচি দেয় তারা। এক সপ্তাহ ধরে টানা কর্মসূচি পালন করছে তারা।

সোমবার সমাবেশ থেকে ছয় দফা দাবি মেনে নেওয়ার পদক্ষেপ নিতে সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন আন্দোলনরতরা। 

এসময়ের মধ্যে দৃশ্যমান পদেক্ষেপ নেওয়া না হলে 'লং মার্চ' করার হুঁশিয়ারি দেন তারা।

এর পরদিনই মন্ত্রণালয়ের তরফে কমিটি গঠন করা হয়।

পরে রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এসে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জোবায়ের পাটোয়ারী।

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের এই শিক্ষার্থী বলেন, “কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সমর্থন জানিয়ে সাময়িকভাবে আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। 

“স্পষ্টভাবে জানানো হল যে, যদি উল্লেখিত ছয় দফা দাবির বাস্তবায়ন ও কারিগরি সংস্কার কমিশন গঠন যথাযথভাবে না হয় কিংবা প্রক্রিয়ায় গড়িমসি লক্ষ্য করা যায়, তাহলে পুনরায় বিক্ষোভ ও আন্দোলন আরও বেগবান করতে বাধ্য হবে।”

৮ সদস্যের কমিটি

পলিটেকনিক শিক্ষার্থীদের ‘যৌক্তিক দাবিগুলো পূরণে’ আট সদস্যের এ কমিটি গঠন করার তথ্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান। 

এক বার্তায় তিনি বলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তর, আইইবি, আইডিইবি এবং ছাত্র প্রতিনিধিদের নিয়ে এ কমিটি করা হয়েছে। কমিটি স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী দাবিগুলো পূরণে সুপারিশ প্রণয়ন করবে। ওই সুপারিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রসা শিক্ষা বিভাগের পরিকল্পনা ও উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিবকে। 

সদস্যরা হলেন- ইঞ্জিনিয়ারর্স ইনস্টিটিশন বাংলাদেশের (আইইবি) সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সাব্বির মোস্তফা খান; ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন; জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেসের অধ্যাপক এবং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ আব্দুল আজিজ; কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক; চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন শীর্ষক প্রকল্পের পরিচালক এবং সিলেট ও রংপুর পলিটেকনিকের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ ফয়সাল মুফতী এবং কারিগরি ছাত্র আন্দোলনের প্রধান কার্যনির্বাহী উপদেষ্টা ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী মো. রহমত উল আলম। 

কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন বিভাগের কারিগরি অনুবিভাগের যুগ্মসচিব।

৪৮ ঘণ্টা সময় দিলেন পলিটেকনিক শিক্ষার্থীরা, লং মার্চের হুঁশিয়ারি

ছয় দাবিতে জেলায় জেলায় পলিটেকনিক শিক্ষার্থীদের সমাবেশ

পলিটেকনিকের নামফলক ঢাকা হলো লাল কাপড়ে, ছয় দাবিতে মানববন্ধন

কর্মসূচি 'শিথিল' করে আলোচনায় বসছেন পলিটেকনিক শিক্ষার্থীরা