নৌ পুলিশ চেয়ে প্রশ্নে মৎস্যমন্ত্রীর জবাব: ‘মুরগি নিয়ে আছি, পুলিশ আমার সঙ্গে নাই’
কুষ্টিয়ার দৌলতপুর থেকে খোকসা পর্যন্ত নদীপথের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সংরক্ষিত আসনের এমপি ফরিদা ইয়াসমিন।
কুষ্টিয়ার নদীপথে নৌ পুলিশের থানা স্থাপনের দাবি জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন একজন এমপি, তাতে মন্ত্রী যে উত্তর দিলেন, তাতে হাস্যরসের সৃষ্টি হল জাতীয় সংসদে।
সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন মঙ্গলবার জাতীয় সংসদে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে কুষ্টিয়ার দৌলতপুর, মিরপুর, কুমারখালী ও খোকসা এলাকা ঘিরে নদীপথে নিরাপত্তা ব্যবস্থার প্রসঙ্গ তোলেন।
তিনি প্রথমে পানি সম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে কথা শুরু করেন। বক্তব্যে তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চিলমারির চর এলাকা থেকে মিরপুরের তালবাড়িয়া ঘাট, কুমারখালীর কয়াঘাট ও শিলাইদহ ঘাট হয়ে খোকসা পর্যন্ত নদীতীরবর্তী এলাকার কথা বলেন।
বক্তব্যের এক পর্যায়ে বিষয়টি স্পষ্ট না হওয়ায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানতে চান, তিনি কী চাইছেন।
স্পিকার বলেন, “একটি থানা চাচ্ছেন? ওখানে নৌ পুলিশের থানা?”
জবাবে ফরিদো ইয়াসমিন বলেন, তিনি নৌ পুলিশের থানা স্থাপনের আবেদন করছেন।
এরপর স্পিকার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর দিকে তাকিয়ে বলেন, “মাননীয় প্রাণিসম্পদ মন্ত্রী, আপনার আন্ডারে আছে নাকি থানা পুলিশ? কিছু উত্তর দিন।”
জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, “মুরগি নিয়ে আছি, পুলিশ আমার সাথে নাই।”
মন্ত্রীর এই জবাবে সংসদে হাসির রোল ওঠে।
তবে ওই এলাকার নদীপথে মাছ ধরার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, তার ‘রিজার্ভের মাছ’ কেউ ধরলে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করে কিছু পুলিশ পাঠানোর কথা বলতে পারেন।
এরপর মন্ত্রী বলেন, “এছাড়া আমার কিছু করার নাই।”
স্পিকার পরে বলেন, “উনি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবেন।”
