Published : 09 Dec 2025, 05:22 PM
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল ও সাবেক এমপি অসীম কুমার উকিলের ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশন-দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন।
নেত্রকোনা-৩ আসনের সাবেক এমপি অসীম কুমারের বিরুদ্ধে ‘দুর্নীতির’ অভিযোগ থাকায় তার ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়ার তথ্য দিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক আখতারুল ইসলাম।
গত ৫ অগাস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার, সাবেক মন্ত্রী-এমপি, দলের নেতাদের কয়েকজনের বিরুদ্ধে ‘দুর্নীতি ও অবৈধ’ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নামে দুদক।
এ তালিকায় আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল ও তার স্ত্রী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিলও রয়েছেন।
২০ অগাস্ট তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ অনুসন্ধান শুরুর কথা জানায় দুদক।
সেদিন দুদক জানায়, অসীম কুমারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অর্থে ঢাকার উত্তরা ১০ নম্বর সেক্টরে ১৮ নম্বর রোডের ১৫ নম্বর বাড়িতে দুই ইউনিটের সাততলা ভবন, তথা ১৪টি ফ্ল্যটের মালিক হওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া ঢাকার ধানমন্ডি ১১ নম্বর রোডের ৪০ নম্বর বাড়িতে তিনটি ফ্ল্যাট, নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার সাউদপাড়ায় বাড়ি রয়েছে।
অসীম কুমারের ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে দুদকের পক্ষে সংস্থার রাসেল রনি আবেদন করেন।
তার দাখিল করা সম্পদ বিবরণী যাচাই বা অনুসন্ধান করা হচ্ছে তুলে ধরে সে আবেদনে বলা হয়, অনুসন্ধানকালে অসীম কুমার উকিলের নামে এসব ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে।
দুদক বলেছে, সংস্থা জানতে পেরেছে যে অসীম কুমারের নামে থাকা এসব ব্যাংক হিসাব থেকে অর্থ অন্যত্র ‘স্থানান্তর, হস্তান্তর বা বেহাত’ করার চেষ্টা করছেন।
স্থানান্তর, হস্তান্তর বা বেহাত হয়ে গেলে পরবর্তীতে তা উদ্ধার করা দুরুহ হয়ে পড়বে। এমতাবস্থায় এসব ব্যাংক হিসাবসমূহ অবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক মনে করছে দুদক।
নেত্রকোণা-৩ আসন থেকে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পান অসীম কুমার। তবে ২-২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান তিনি।
অন্যদিকে তার স্ত্রী অপু উকিল নবম সংসদের সংরক্ষিত আসনের সদস্য ছিলেন।
চলতি বছরের ২৫ মে অসীম কুমার ও অপু উকিলের জব্দ করা ১৪টি ফ্ল্যাট ও পাঁচটি দোকান দেখভালের জন্য রিসিভার নিয়োগের আদেশ দিয়েছে আদালত।
রিসিভার নিয়োগে দুদকের আবেদনে বলা হয়, অসীম কুমার উকিল ও তার স্ত্রী সংসদের সংরক্ষিত আসনের সাবেক সদস্য অপু উকিলের নিজ নামে অর্জিত ধানমন্ডির দুটি ফ্ল্যাটসহ এসব স্থাবর সম্পদ সমূহের ওপর আদালত ১৫ অক্টোবর জব্দের আদেশ দেন।