Published : 13 Feb 2025, 03:15 PM
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি এবং পরিসংখ্যান প্রতিবেদন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সরকারপ্রধানের হাতে এসব নথি তুলে দেন। শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রীর পর বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
বেলা ১১টায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে এবং অনলাইনে একযোগে ফল প্রকাশিত হবে। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবে শিক্ষার্থীরা।
বেলা সাড়ে ১২টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।
এবার ১১টি শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় বসেন ২০ লাখ ২৪ হাজার ১৯২ শিক্ষার্থী। দেশের ৩ হাজার ৭০০ কেন্দ্রে গত ১৫ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়। ১২ মার্চ শেষ হয় লিখিত পরীক্ষা।
আগের বছর ২০২৩ সালে ২০ লাখ ৪১ হাজার ৪৫০ শিক্ষার্থী মাধ্যমিক ও সমমানের চূড়ান্ত পরীক্ষায় বসে। তাদের মধ্যে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন পাস করে। জিপিএ-৫ পান ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন।
কোভিড মহামারীর জের কাটিয়ে এবার পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণ সময় এবং পূর্ণ নম্বরে এসএসসি ও সমমান পরীক্ষা হয়। মহামারীতে এসএসসি পরীক্ষার সূচি এলোমেলো হয়ে পড়েছিল। চলতি বছর অনেকটা আগের ধারাবাহিকতায় ফেরে এই পাবলিক পরীক্ষা।
ফল জানা যাবে যেভাবে
বরাবরের মত www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ফলের প্রতিবেদন ডাউনলোড করা যাবে।
এছাড়া ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি মোবাইলে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাবে।
মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল পেতে SSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2024 লিখে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসেই ফল পাওয়া যাবে।
দাখিলের ফল পেতে Dakhil লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2024 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।
কারিগরি বোর্ডের ক্ষেত্রে SSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2024 লিখে 16222 নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল পাওয়া যাবে।
পুরনো খবর