২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরীকে আটকে রেখে ধর্ষণ: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছেলেসহ মা-বাবা গ্রেপ্তার

এক কিশোরীকে অপহরণের পর আটকে রেখে ধর্ষণ অভিযোগে যাবজ্জীবন সাজা মাথায় নিয়ে তারা পালিয়ে বেড়াচ্ছিলেন।

কিশোরীকে আটকে রেখে ধর্ষণ: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছেলেসহ মা-বাবা গ্রেপ্তার

গ্রেপ্তার তিনজন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2023, 05:08 PM

Updated : 08 Jul 2023, 05:07 PM

এক স্কুলছাত্রীকে অপহরণ করে তিন বছর আটকে রেখে ধর্ষণের এক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক যুবক ও তার মা-বাবাকে গেপ্তার করা হয়েছে।

ঢাকার ভাটারা এলাকা থেকে শুক্রবার রাতে তাদের গ্রেপ্তারের খবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব।

গ্রেপ্তার তিনজন হলেন, মো. শাকিল (২২), তার বাবা বকুল মিয়া ও মা শিমু বেগম। যাবজ্জীবন সাজা মাথায় নিয়ে তারা পালিয়ে বেড়াচ্ছিলেন।

র‌্যাব জানায়, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে ঢাকার গুলশান এলাকা থেকে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে শাকিল। এরপর তিন বছর তাকে আটকে রেখে ধর্ষণ করেন। পরবর্তীতে একসময় ওই কিশোরী পালিয়ে গিয়ে তার মা-বাবার সহায়তায় আদালতে মামলা দায়ে করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “আদালত এই মামলাটি পিবিআইকে তদন্তের দায়িত্ব দেয়। পরবর্তীতে অপহরণ ও ধর্ষণের সত্যতা গেছে উল্লেখ করে শাকিল ও তার মা-বাবার নামে অভিযোগপত্র দাখিল করে এই তদন্ত সংস্থা।”

র‌্যাব বলছে, মামলা দায়েরের পর আদালত থেকে জামিন পেয়ে আসামিরা আত্মগোপনে চলে যান। এরপর আদালতে কখনও তারা হাজিরা দেননি।

“সম্প্রতি এই মামলার রায়ে তিনজনকেই যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয় আদালত।”