২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন খসড়ায় ২০১০ সালের সময়সীমা বাদ

কোপেনহেগেন সম্মেলনের শেষ পর্যায়ে একটি নতুন খসড়া টেক্সট নিয়ে নেতারা এখন আলোচনা করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2009, 08:39 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

কোপেনহেগেন, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কোপেনহেগেন সম্মেলনের শেষ পর্যায়ে একটি নতুন খসড়া টেক্সট নিয়ে নেতারা এখন আলোচনা করছেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ বিশ্ব নেতৃবৃন্দ একটি জলবায়ু চুক্তিতে উপনীত হওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নেতারা গ্রিনহাউস গ্যাসের নির্গমন অর্ধেকে কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নিয়ে একটি সমঝোতায় পৌঁছার চেষ্টা করছেন। কিন্তু এই নতুন খসড়া টেক্সট-এ আইনগত বাধ্যবাধকতা সম্পন্ন একটি জলবায়ু চুক্তিতে উপনীত হওয়ার জন্য ২০১০ সালের সময়সীমা বাদ দেওয়া হয়েছে। ইতিপূর্বের খসড়ায় আইনগত বাধ্যবাধকতা সম্পন্ন একটি জলবায়ু চুক্তিতে উপনীত হতে ২০১০ সালের শেষ নাগাদ বর্ধিত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিলো। তবে নতুন খসড়া টেক্সটে আগের লক্ষ্যগুলো অন্তর্ভুক্ত রয়েছে। ফাঁস হয়ে যাওয়া তিন পৃষ্টার 'কোপেনহেগেন অ্যাকর্ড' শীর্ষক এ খসড়ার একটি কপি বার্তা সংস্থা রয়টার্সের হাতে এসে পৌঁছে। এতে বিশ্ব নেতাদের ২০৫০ সাল নাগাদ গ্রিনহাউস গ্যাসের নির্গমন ১৯৯০ সালের মাত্রার চেয়ে অর্ধেকে কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে বলা হয়েছে। এবং ধনী দেশগুলোকে গ্রিনহাউস গ্যাসের নির্গমন ৮০ শতাংশ কমাতে বলা হয়। বন্যা, তাপ্রবাহ, প্রজাতির বিলুপ্তি এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধি প্রাক-শিল্পায়ন সময়ের চেয়ে ২ ডিগ্রী সেলসিয়াসে সীমিত রাখতে বলা হয়েছে নতুন টেক্সটে। সেইসঙ্গে টেকসই উন্নয়নের প্রেক্ষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দীর্ঘমেয়াদী সমন্বিত উদ্যোগের উপরও গুরুত্ব দেওয়া হয়। খসড়া টেক্সটের উদ্ধৃতি দিয়ে আলজাজিরা টেলিভিশনের খবরে বলা হয়, 'কোপেনহেগেন অ্যাকর্ড'-এ গুরুত্বপূর্ণ বিষয় যেমন ২০২০ সাল নাগাদ উন্নত দেশগুলোর কাছে প্রত্যাশিত গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমানোর লক্ষ্যমাত্রা সম্পর্কে সুস্পষ্ট কোনো উল্লেখ নেই। কোন দেশ গ্রিনহাউস গ্যাসের নির্গমন কী পরিমাণ কমাবে, কত সময়ের মধ্যে কমাবে এবং কার কার জন্য এ বিষয়টি আইনি বাধ্যতামূলক হবে তা বলা হয়নি এতে। নতুন খসড়ায় শুধুমাত্র বলা হয়েছে, "জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় উচ্চাকাঙ্খী পদক্ষেপ প্রয়োজন। আর এ ক্ষেত্রে উন্নত দেশগুলো অগ্রণী ভূমিকা পালন করবে।" যদিও এতে বলা হয়েছে, ২০৫০ সাল নাগাদ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাসের নির্গমন ৫০ শতাংশ কমানোর লক্ষ্যমাত্রা অর্জনের জন্য 'উল্লেখযোগ্য হারে' নির্গমন কমানো প্রয়োজন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ওবামা এবং অন্য নেতারা গ্রিনহাউস গ্যাসের নির্গমন হ্রাসের লক্ষ্যমাত্রা ও সময়সীমা এবং নির্গমন হ্রাসের ব্যাপারে আন্তর্জাতিক মনিটরিং নিয়ে মতপার্থক্যের কারণে আলোচনায় যে অচলাবস্থা চলছে তা নিরসনের চেষ্টা করছেন। শেষ পর্যায়ে এসে বিশ্বের সর্বাধিক গ্রিন হাউস গ্যাস নির্গমনকারী যুক্তরাষ্ট্র ও চীন নতুন কোনো প্রস্তাব উপস্থাপনে ব্যর্থ হওয়ায় শুক্রবারের আলোচনা মুখ থুবড়ে পড়ে। সম্মেলনের কিছু আলোচক জানিয়েছেন, যতক্ষণ প্রয়োজন হয় ততক্ষণই তারা আলোচনা চালিয়ে যাবেন। প্রেসিডেন্ট ওবামা সম্মেলনে দেওয়া ভাষণে 'যথার্থ' না হলেও এই মুহূর্তে একটি জলবায়ু চুক্তি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "আমি বিশ্বাস করি যে অভিন্ন হুমকির মুখে আমরা সাহসিকতার সঙ্গে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে পারি। এ জন্য আজ আমি এখানে এসেছি কথা বলতে নয়, কাজ করতে। আজই একটি চুক্তিতে উপনীত হতে আমরা প্রস্তুত। কথামালার সময় ফুরিয়ে গেছে। মোদ্দা কথা হচ্ছে-আমরা একটি চুক্তিতে পৌঁছতে পারি।" মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, "আমি বিশ্বাস করি যে ২০২০ সাল নাগাদ গ্রিনহাউস গ্যাসের নির্গমন ১৭ শতাংশে কমিয়ে আনা এবং চূড়ান্ত পর্যায়ে ২০৫০ সাল নাগাদ নির্গমন ৮০ শতাংশ কমিয়ে আনার যে প্রতিশ্র"তি আমরা দিয়েছি যুক্তরাষ্ট্র তা পূরণ করবে।" কোপেনহেগেন সম্মেলনে গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমানোর বিষয়টি ভাগাভাগি করে নেওয়ার ব্যাপারে শুরু থেকেই ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে এক ধরনের অবিশ্বাস কাজ করছে। একটি চুক্তিতে পৌঁছার ব্যাপারে সম্মেলনের গত ১২ দিনের আলোচনা কার্যত ব্যর্থ হয়েছে। কারণ, ধনী ও গরিব দেশগুলো কীভাবে কার্বন নির্গমন হ্রাস করবে এবং জলবায়ু অভিযোজনের জন্য কী পরিমাণ অর্থ সহায়তা দেওয়া হবে সেসব ব্যাপারে তারা একমত হতে পারেনি। উন্নয়নশীল দেশগুলোর দাবি হচ্ছে, গ্রিনহাউস গ্যাসের নির্গমন হ্রাস এবং গরিব দেশগুলোর অভিযোজনে অর্থ সাহায্যের ব্যাপারে ধনী দেশগুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কারণ এ ব্যাপারে তাদের ঐতিহাসিক দায়দায়িত্ব রয়েছে। গ্রিনহাউস গ্যাসের নির্গমন হ্রাসের লক্ষ্যমাত্রা এবং এ ব্যাপারে আন্তর্জাতিক মনিটরিং নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে মতপার্থক্যের কারণে একটি সর্বসম্মত জলবায়ু চুক্তির সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। নির্গমন হ্রাস মনিটরিং এর ব্যাপারে চীন বলছে, আমাদের উপর বিশ্বাস রাখতে হবে। আমরা যে প্রতিশ্র"তি দিয়েছি তা আমরা পালন করবো। আর যুক্তরাষ্ট্র এই মনিটরিং মেনে নিতে চীনের উপর চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্র চুক্তির অংশ হিসাবে বিভিন্ন দেশের প্রতিশ্র"ত কার্বন নির্গমন হ্রাসের পদক্ষেপ আন্তর্জাতিকভাবে যাচাই করে দেখার ওপর জোর দিচ্ছে। এ অবস্থায় বারাক ওবামা এবং অন্য বিশ্ব নেতারা বৈশ্বিক উষ্ণায়ন রোধে অন্তত একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছার আহ্বান জানিয়েছেন। সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিরা জানান, বিশ্ব নেতারা গ্রিন হাউস গ্যাসের নির্গমন কমানো, গরিব দেশগুলোর জন্য অভিযোজন তহবিল এবং নির্গমন হ্রাসের ব্যাপারে আন্তর্জাতিক মনিটরিং, বিশ্বের গড় তাপমাত্রা সর্বোচ্চ ২ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখা ইত্যাদি বিষয়ে একটি মতৈক্যে পৌঁছার চেষ্টা করছেন। কিন্তু গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমানো নিয়ে মতপার্থক্য রয়েই গেছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার নতুন একটি জলবায়ু চুক্তি ত্বরান্বিত করতে অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কার্বন হ্রাস করা নিয়ে গোটা রাতের আলোচনা ব্যর্থ হওয়ার পর ওবামা এ বৈঠক করেন। কার্বন হ্রাসের মূল ইস্যু থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বের দেশগুলো কার্যকলাপ পর্যবেক্ষণ করা পর্যন্ত প্রতিটি বিষয়েই একমত হওয়ার চেষ্টা করেন ওবামা ও অন্যান্য নেতারা। বৈঠক শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি জানান, কোনও চুক্তি হয়নি। আর চীন কার্ব নির্গমন পর্যবেক্ষণের ব্যাপারে আপত্তি জানিয়েছে। বৈঠকে চীনের ভাইস পররাষ্ট্রমন্ত্রী হে ইয়াফি, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা, রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এবং ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংও উপস্থিত ছিলেন। ধনী দেশগুলো ইতোমধ্যেই বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এইচএ/০৪১৭ ঘ.