২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু তহবিল নিয়ে সংশয় কাটেনি

কোপেনহেগেন জলবায়ু সম্মেলন আলোচনায় দরিদ্র দেশগুলোর প্রত্যাশিত অভিযোজন তহবিলের বিষয়টি এখনো ঘোলাটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2009, 07:53 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

কোপেনহেগেন, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোপেনহেগেন জলবায়ু সম্মেলন আলোচনায় দরিদ্র দেশগুলোর প্রত্যাশিত অভিযোজন তহবিলের বিষয়টি এখনো ঘোলাটে। এদিকে সম্মেলনের উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিতে বিশ্ব নেতারা ডেনমার্কের রাজধানীতে জড়ো হতে শুরু করেছেন। মঙ্গলবার সম্মেলন প্রধান কোনি হেডেগার্ড এ বিষয়টির দিকে ইঙ্গিত করে বললেন, খুব কম সময়ের মধ্যেই এ বিষয়ে বিশ্ব নেতাদের সমঝোতায় পৌঁছতে হবে। "এ আলোচনাকে একটি সফল রূপ দিতে হলে শেষ ৪৮ ঘণ্টায় প্রতিনিধিদের সুনির্দিষ্ট বিষয়ের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঐকমত্যে পৌঁছতে হবে", বেলা কনফারেন্স সেন্টারে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সম্মেলনের প্রেসিডেন্ট স্বাগতিক দেশের জ্বালানি ও জলবায়ু মন্ত্রী এভাবেই তার অভিমত ব্যক্ত করেন। হেডেগার্ড বলেন, বিভিন্ন দেশের প্রতিনিধিরা গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হ্রাসের লক্ষ্যমাত্রা, দরিদ্র দেশগুলোর তা বাস্তবায়নের উপায় এবং দীর্ঘ মেয়াদে অর্থায়নের বিষয়সহ পাঁচটি মূল বিষয়ের ওপর আলোচনা করেছেন। "তারা জানেন সময় সীমিত। এজন্য খুবই ব্যস্ত সময় অতিবাহিত করছেন।" তবে প্রত্যাশিত অভিযোজন তহবিলের আকার কী হবে তা বলা কঠিন বলে জানান তিনি। "অর্থায়নের বিষয়ে আমাদের আরো অগ্রগতি প্রয়োজন। উদ্ভাবনী উৎসসহ দীর্ঘ মেয়াদি অর্থ সাহায্যের বিষয়টিও রয়েছে। আমরা যদি উদ্ভাবনী চিন্তা ভাবনা না নিয়ে আসতে পারি তাহলে উল্লেখযোগ্য অর্থায়নের বিষয়টি নিশ্চিত করতে পারবো না", বলেন হেডেগার্ড। শুধু স্বল্প মেয়াদের অর্থায়নের বিষয় নিয়ে আলোচনা হলেই হবে না। "আমাদের অর্থের অন্যান্য দিকগুলো নিয়েও আলোচনা করতে হবে। তহবিলের জন্য সরকারের কাঠামোও একটি গুরুত্বপূর্ণ বিষয়", বলেন তিনি। জাতিসংঘের জলবায়ু বিষয়ক সচিবালয়ের প্রধান ইভো ডি বোয়ার বললেন, আলোচনা খুবই গুরুত্বপূর্ণ মুহূর্তে এসে উপনীত হয়েছে। বেশকিছু বিষয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে। "তবে এখনো অনেক কাজ বাকি। আমাদের কাজ সম্পন্ন করতে হলে বিশ্ববাসী যে প্রত্যাশায় অপেক্ষায় রয়েছে তা পূরণ করতে হবে", বলেন তিনি। ব্রিফিংয়ে ডি বোয়ার আরো বলেন, "এখন বিশ্ব নেতাদের পালা, ধরিত্রীকে বাঁচাতে তাদেরকে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছতে হবে।" বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু আলোচনায় অংশ নিতে সোমবার ঢাকা ছেড়ে যান। পাঁচদিনের সফরে তিনি আগামী ১৬ ও ১৭ ডিসেম্বর কোপেনহেগেনে বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানদের আলোচনায় অংশ নেবেন। ১৮ ডিসেম্বর মূল সম্মেলনের উদ্বোধনী অধিবেশনেও হাসিনা যোগ দেবেন। এরপর একইদিনের আলোচনায়ও তার অংশ নেওয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএল/এসকে/০১৫০ঘ.