২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

কোপেনহেগেনে ১ হাজার বিক্ষোভকারী আটক

বিশ্ব উষ্ণায়ন রোধে কঠোর চুক্তির দাবিতে কোপেনহেগেনে বিক্ষোভরত প্রায় ১ হাজার জনকে শনিবার আটক করেছে পুলিশ। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2009, 05:50 AM

Updated : 26 Aug 2022, 12:29 PM

কোপেনহেগেন, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব উষ্ণায়ন রোধে কঠোর চুক্তির দাবিতে কোপেনহেগেনে বিক্ষোভরত প্রায় ১ হাজার জনকে শনিবার আটক করেছে পুলিশ। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনসহ সারা বিশ্বেই হাজার হাজার মানুষ 'ডে অব অ্যাকশন'র অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করে। তবে কোপেনেহেগেনে বিক্ষোভকারীরা এক পর্যায়ে জানালা ভেঙ্গে ফেলে এবং গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার পরই পুলিশের সঙ্গে সংঘাক বাধে। স্থানীয় পুলিশের এক মুখপাত্র রাতে রয়টার্সকে জানান, আটকের সংখ্যা সংখ্যা ৯৬৮ তে দাঁড়িয়েছে । পুলিশ জানায়, সন্ধ্যায় চারটি গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। এছাড়া তাদের ছোড়া ইটের আঘাতে এক পুলিশসহ দুজন আহত হয়েছে। জলবায়ু বিষয়ক আলোচনায় ডেনমার্কের মন্ত্রী কোনি হেডেগার্ড বিক্ষোভকারীদের দাবির সঙ্গে একমত হলেও সহিংসতার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, "যে ধরনের সহিংসতার কথা শুনলাম তা করা উচিত হয়নি।" বিক্ষোভকারী একটি সংগঠন অভিযোগ করেছে, আটককৃত প্রায় ৪০০ ব্যক্তিকে পেছনে হাত বাঁধা অবস্থায় কয়েক ঘণ্টা প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে রাস্তায় বসে থাকতে বাধ্য করেছে পুলিশ। 'প্ল্যানেট বি নেই', 'রাজনীতি বদলান, জলবায়ু নয়' লেখা ব্যানার নিয়ে কোপেনহেগেনে করা প্রধান শোভাযাত্রায় নৃত্য ও বাদ্যবাজনায় ছিলো মুখর। শোভাযাত্রায় অংশ নেওয়া অনেকে আবার পেঙ্গুইনের পোশাক পরেছিল, যা 'মানবজাতিকে রক্ষা করুন' এ স্লোগানের প্রতিধ্বনি তুুলে ধরে। ব্যাপকহারে বরফ ও হিমবাহ গলে যাওয়ার হুমকি বোঝাতে বিক্ষোভকারীদের কেউ কেউ আবার বরফমানব বহন করছিল। আয়োজকদের দাবি, এক লাখের বেশি মানুষ এ বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভকারীদের লক্ষ্য ছিলো শহরের বেলা সেন্টার। জলবায়ু বিষয়ক নতুন একটি জাতিসংঘ চুক্তি করতে বিশ্বের ১৯২ টি দেশের প্রতিনিধিরা এখানে জড়ো হয়েছেন। গত ৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ সম্মেলন চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত। জলবায়ু বিজ্ঞানীদের জাতিসংঘ প্যানেল জানায়, তাপমাত্রা বৃদ্ধির ফলে যে হারে বরফ গলে যাচ্ছে তাতে করে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, বন্যা, মরুকরণ ও উষ্ণতা বাড়বে। মূলত জীবাশ্ম জ্বালানির কারণেই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। বিক্ষোভকারী একটি সংগঠনের প্রধান কুমি নাইদো বলেন, "সম্মেলনে যেন একটি কঠোর চুক্তি হয়, সেজন্য লড়াইয়ের অনেক পথ বাকি।" তিনি জানান, গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানোর বিষয়ে সমর্থন জানাতে ফিজি থেকে নেপাল পর্যন্ত দেশগুলোতে মিছিল বা মোম মিছিলের মতো ৪ হাজার কর্মসূচি পালিত হচ্ছে। হাজার হাজার অস্ট্রেলীয় 'উষ্ণতার বিরুদ্ধে হাঁটা' কর্মসূচিতে অংশ নেয়। সিডনিতে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করে। এতে লেখা ছিল- 'আমি স্বচ্ছ জ্বালানি পছন্দ করি', 'মাংস নয়, তাপ নয়', 'নতুন কয়লা খনি নয়'। কোপেনহেগেনে ক্যারোলিন (৭) নামের এক শিশু হাতে একটি প্ল্যাকার্ড বহন করে যাতে লেখা ছিল- 'আমি বড় না হওয়া পর্যন্ত আমাদের পৃথিবীর দায়িত্ব নাও।' নেপালের ৩০ জন পর্বতারোহীর একটি গ্র"প বিক্ষোভে অংশ নিতে ডেনমার্কে এসেছে। এ গ্র"পের সদস্য শেরপা পার্টাম্বা বলেন, "পর্বত পরিবর্তিত হচ্ছে, হিমবাহ গলে যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্ম সম্পর্কে ভাবার সময় এসেছে এখন।" জোরালো একটি চুক্তির দাবিতে বিক্ষোভে অংশগ্রহণকারীদের প্রশংসা করেছেন অনেকেই। প্রদীপ প্রজ্বলন এক অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডেসমন্ড টুটু বলেন, "তারা (বিক্ষোভকারীরা) বার্লিনে বিক্ষোভ করেছিল, ফলে প্রাচীর ভেঙ্গে ফেলা হয়েছে। তারা কেপ টাউনে বিক্ষোভ করে, সেখানে প্রাচীর ভাঙ্গা হয়। এখন তারা কোপেনহেগেনে বিক্ষোভ করছে এবং আমরা প্রকৃত একটি চুক্তি পেতে যাচ্ছি।" জলবায়ু সম্মেলনে অংশগ্রহণকারীরা জানান, বেশ কিছু বিষয়ে অগ্রগতি হলেও গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানো এবং দরিদ্র দেশগুলোকে সহায়তায় তহবিল গঠনের মতো জরুরি বিষয়ে সম্ভবত পররবর্তী সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হবে। ডেনমার্কের মন্ত্রী হেডেগার্ড বলেন, "প্রথম সপ্তাহের আলোচনায় বেশ কিছু অগ্রগতি হয়েছে। পরবর্তী কয়েকদিন আমাদেরও আরো কিছু কাজ করতে হবে।" রোববার ৪৮ জন পরিবেশ বিষয়ক মন্ত্রীর সঙ্গে তিনি আলোচনা করবেন বলেও জানান। হেডেগার্ড জানান, বায়ু ও সৌর শক্তির মতো আরো কী ধরনের নতুন প্রযুক্তি উন্নয়নশীল দেশগুলোতে সরবরাহ করা যায় এবং গ্রিন হাউস গ্যাস শোষণের জন্য কীভাবে বনাঞ্চলকে কাজে লাগানো যায়- এ ধরণের বিষয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে। কিন্তু সম্মেলনে অংশ নেওয়া অন্যান্য প্রতিনিধিরা জানান, দরিদ্র দেশগুলোর জন্য তহবিল সংগ্রহ এবং কার্বন ডাই অক্সাইডের ক্ষতি শেয়ার করার বিষয়ে দ্বিধাবিভক্তি রয়েছে। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সচিবালয়ের প্রধান ইভো ডি বোয়ার বলেন, "আরো কিছু করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছে চীন। আবার চীনের প্রতিও এই আহ্বান জানাচ্ছে যুক্তরাষ্ট্র। আমি আশা করছি, আগামী দিনগুলোতে প্রতিটি দেশই প্রত্যেক দেশকে আরো কিছু করতে বলবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এমআই/১৪০০ ঘ.