জাতিসংঘসহ বিভিন্ন সংস্থার নির্বাচনে বাংলাদেশের ভোট চায় যুক্তরাষ্ট্র
তাদের প্রার্থিতার পক্ষে সমর্থন দেওয়ার বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
জাতিসংঘের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার নির্বাচনে নিজেদের প্রার্থীর পক্ষে বাংলাদেশের সমর্থন চেয়েছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা করেন ঢাকায় যুক্তরাষ্ট্রের শার্জ দ্য অ্যাফেয়ার্স এরিক গিল্যান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে তাদের এই বৈঠক হওয়ার কথা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘ এবং এর সঙ্গে সম্পর্কিত কিছু সংস্থার আসন্ন নির্বাচনে বাংলাদেশের সমর্থন চেয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ঢাকার তরফে ওই নির্বাচনগুলোতে যুক্তরাষ্ট্রের প্রার্থিতার পক্ষে সমর্থন দেওয়ার বিষয় বিবেচনার নিশ্চয়তা পররাষ্ট্র প্রতিমন্ত্রী দিয়েছেন।
তাদের সাক্ষাতে মানবপাচার নিয়ে যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রতিবেদন, জ্বালানি, ফুলব্রাইট কমিশনের অধীনে শিক্ষা ও প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
শার্জ দ্য অ্যাফেয়ার্সকে উদ্ধৃত করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রোহিঙ্গাদের জন্য সহায়তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। এজন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন প্রতিমন্ত্রী শামা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধিদলের সিলিকন ভ্যালি পরিদর্শনের অভিজ্ঞতাও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের কাছে জানতে চেয়েছেন এরিক গিল্যান।
“ওই সফরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বড় প্রযুক্তি কোম্পানির প্রতিনিধি এবং স্টার্ট-আপের প্রধান নির্বাহীদের সঙ্গে ফলপ্রসু বৈঠক হওয়ার কথা ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে জানিয়েছেন প্রতিমন্ত্রী।”
