Published : 13 Jul 2026, 08:31 PM
বাংলাদেশ ও উগান্ডায় মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত ৪ লাখ শিশু ও কিশোর-কিশোরীর বিকাশে সহায়তা পৌঁছে দেওয়ার কথা বলছে ব্র্যাক।
সংস্থাটি বলছে, বর্তমানে বিশ্বজুড়ে ৪৭ কোটি ৩০ লাখের বেশি শিশু সংঘাত ও মানবিক সংকটপূর্ণ পরিবেশে বসবাস করছে। ৫ কোটি ২০ লাখের বেশি শিশু বিদ্যালয়ের বাইরে রয়েছে। এসব অঞ্চলে শিক্ষা, সুরক্ষা এবং মানসিক-সামাজিক সহায়তার সুযোগ অত্যন্ত সীমিত।
ব্র্যাক ও লেগো ফাউন্ডেশনের পাঁচ বছর মেয়াদি ৫ কোটি মার্কিন ডলারের এই অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশ ও উগান্ডায় মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত ৪ লাখ শিশু ও কিশোর-কিশোরীর কাছে সহায়তা পৌঁছে দেওয়া হবে। একই সঙ্গে শিশুদের লালন-পালন ও বিকাশে সহায়ক পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক ও শিক্ষকদের সক্ষমতা বাড়ানো হবে।
সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ব্র্যাকের ‘সাসটেইনিং প্লে, লার্নিং অ্যান্ড স্কিলস ইন হিউম্যানিটারিয়ান কনটেক্সটস’ (স্প্ল্যাশ) প্রকল্প উদ্বোধনের অনুষ্ঠানে এ কথা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বলা হয়, ‘স্প্ল্যাশ’ এর প্রথম ধাপ বাংলাদেশে ২০২৬ সালের জুন থেকে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়ন হবে। এ উদ্যোগের আওতায় শূন্য থেকে ১৮ বছর পর্যন্ত শিশু-কিশোরদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হবে।
এর মধ্যে রয়েছে অল্প বয়সি শিশু ও তাদের পরিবারের জন্য শিশুদের চাহিদা বুঝে যত্ন নেওয়া, আশ্রয়শিবিরে ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে খেলাধুলাভিত্তিক প্রারম্ভিক শিক্ষা, শিশুদের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষায় অংশগ্রহণে সহায়তা এবং কিশোর-কিশোরীদের জন্য অব্যাহত শিক্ষা, জীবনদক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ, পরামর্শ বা মেন্টরশিপ ও জীবিকায়নের সুযোগ সৃষ্টি।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ও ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বক্তব্য দেন।