Published : 21 Nov 2025, 02:10 PM
রাজধানীসহ সারাদেশে বিভিন্ন স্থানে ভূমিকম্পের ঘটনায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে সরকার।
জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
শুক্রবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এক বার্তায় এই কথা জানিয়েছেন। বার্তাটি প্রধান উপদেষ্টার ফেরিফায়েড ফেইসবুকে দেওয়া হয়েছে দুপুর ১টায়।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবায়েত কবীর জানান, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭ ।
ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের সময় ঢাকার বংশালে একটি ভবনের রেলিং ভেঙে পড়ে তিন পথচারীর মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভবনের দেয়াল ধসে দশ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। এছাড়া আহত হয়েছেন অনেকে।
বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে তাৎক্ষণিকভাবে যেসব ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে সেগুলোতে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুততার সঙ্গে সাড়া দিয়েছেন।”
কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, “প্রয়োজনে হটলাইনসহ সরকারি চ্যানেলে পরবর্তী দিক নির্দেশনা জানানো হবে। নাগরিকদের নিরাপত্তা বিধানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
এ ঘটনায় জনমনে যে উদ্বেগ এবং আতঙ্ক জন্মেছে তা নিয়ে সরকার অবগত আছে। এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে অবিলম্বে মাঠপর্যায়ে নেমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে বলে বার্তায় জানানো হয়েছে।
ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলের পলেস্তারা খসে পড়েছে। আরমানিটোলার কসাইটুলি এলাকায় ৮ তলা ভবনের ইট ও পলেস্তারা খসেছে। সূত্রাপুর স্বামীবাগ আট তলা একটি ভবন অন্য একটি ভবনে হেলে পড়ার খবর পাওয়া গেছে।