ডেঙ্গু: ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬২ রোগী
জুন মাসেই মৃত্যু হল ১৮ জনের।
বাংলাদেশে গত একদিনে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন।
এ নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। এদের মধ্যে চলতি জুন মাসেই মৃত্যু হল ১৮ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের শনিবারের বুলেটিন জানানো হয়েছে, আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬২ জন।
নতুন এসব রোগী নিয়ে এ বছর ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ৪৮৪।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি বরিশাল বিভাগের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এ সময়ে ভর্তি নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি বরিশাল বিভাগে, ১৪১ জন।
এছাড়া ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪৮, ঢাকা বিভাগে ১৮ জন, ময়মনসিংহ বিভাগে পাঁচজন, চট্টগ্রাম বিভাগে ৪০ জন, খুলনা বিভাগে ছয়জন এবং সিলেট বিভাগে তিনজন রোগী ভর্তি হয়েছেন।
ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১০৬৩ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩১২ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৭৫১ জন।
দেশে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ৫৭৫ জনের। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃতের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে।
এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
২০২২ সালে সারাদেশে এক লাখ এক হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়, যা বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ।
