যাত্রাবাড়ীতে তাইম হত্যা: ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের আদেশ ১৭ ফেব্রুয়ারি
২০২৪ সালের ২০ জুলাই যাত্রাবাড়ীর কাজলা এলাকায় গুলিতে তাইম নিহত হন।
চব্বিশের অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ীতে ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কি না, তা জানা যাবে ১৭ ফেব্রুয়ারি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ সোমবার আদেশের জন্য এ দিন ঠিক করেন।
ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন অবরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আসামিপক্ষের শুনানি করেন অ্যাডভোকেট আবুল হাসান। পলাতক ৯ আসামির পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এম হাসান ইমাম ও লোকমান হাওলাদার। তারা নিজ নিজ আসামির অব্যাহতির আবেদন করেন।
শুনানি শেষে ট্রাইব্যুনাল আদেশের জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করে।
এর আগে, গত ২৮ জানুয়ারি ১১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করে প্রসিকিউশন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার। সঙ্গে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, সহিদুল ইসলাম সরদার ও সাইমুম রেজা তালুকদার।
এ মামলায় গ্রেপ্তার দুই আসামি যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ও সাবেক এসআই শাহাদাত আলী। সকালে তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ।
পলাতকরা আসামিরা হলেন-ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ওয়ারি জোনের সাবেক ডিসি ইকবাল হোসাইন, এডিসি শাকিল মোহাম্মদ শামীম, ডেমরা জোনের তৎকালীন এডিসি মো. মাসুদুর রহমান মনির, তৎকালীন সহকারী পুলিশ কমিশনার নাহিদ ফেরদৌস, যাত্রাবাড়ী থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন, পুলিশ পরিদর্শক (অপারেশন) ওহিদুল হক মামুন ও এসআই (নিরস্ত্র) সাজ্জাদ উজ জামান।
পরে গ্রেপ্তার দুই আসামি যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ও সাবেক এসআই শাহাদাত আলীর আইনজীবী মোহাম্মদ আবুল হাসান বলেন, “বহুল আলোচিত যাত্রাবাড়ীর যে জুলাই অভ্যুত্থানের যে ঘটনা নিয়ে আজকের মামলা, ২০.৭.২০২৪ ইং তারিখের তাইম হত্যা মামলা, সেই আলোচিত মামলায় আজকে দুইজন আসামিকে উপস্থিত করা হয়েছিল মাননীয় ট্রাইব্যুনালে। সেই দুইজন আসামির পক্ষে আমরা প্রতিনিধিত্ব করেছি, ব্যারিস্টার সিফাত মাহমুদ এবং আমি।
“তো ওখানে সংশ্লিষ্ট থানার যিনি ওসি ছিলেন, তৎকালীন সময়ের ওসি আবুল হাসান, তিনি ওই ঘটনাস্থলে ছিলেন না এবং তিনি অফিসিয়াল দায়িত্ব পালন করতেছিলেন, অফিসেই ছিলেন, অর্থাৎ থানা কার্যালয়ের অভ্যন্তরে ছিলেন। কিন্তু তিনি ঘটনাস্থলে ছিলেন না।
“আমাদের শুনানি শেষ হয়েছে এবং আগামী ১৭ই ফেব্রুয়ারি আদেশের জন্য দিন ধার্য রয়েছে।”
জুলাই অভ্যুত্থান চলাকালে ২০ জুলাই যাত্রাবাড়ীর কাজলা এলাকায় গুলিতে তাইম নিহত হন। ওই ঘটনায় আসামিদের বিরুদ্ধে হত্যার নির্দেশ, উসকানি-প্ররোচনাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে প্রসিকিউশন।
গত বছরের ২৪ ডিসেম্বর ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল-২ গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ওইদিন তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।
তাইমের বাবা মো. ময়নাল হোসেন ভূঁইয়াও পুলিশের একজন কর্মকর্তা। তিনি রাজারবাগ পুলিশ লাইন্সে উপ-পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন।
