২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন শান্তিপূর্ণ করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

নির্বাচন ঘিরে কী করা হচ্ছে, আগামী করণীয় এবং বিদ্যমান সমস্যা আলোচনায় গুরুত্ব পাবে।

নির্বাচন শান্তিপূর্ণ করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
অনুমতি না পেলেও জামায়াতে ইসলামীর সমাবেশের ঘোষণা থাকায় শনিবার সকালে মতিঝিলের শাপলা চত্বরে পুলিশের সতর্ক অবস্থান। ছবি: মাহমুদ জামান অভি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2025, 01:06 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠকে বসতে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ভার্চুয়াল এ বৈঠকটি হওয়ার কথা রয়েছে বুধবার দুপুর ২টায়। 

এতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন রেঞ্জের ডিআইজি, জেলা পুলিশ সুপার থাকছেন। থাকছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিও। তবে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত থাকবে কি না সে বিষয়ে জানা যায়নি।  

ঢাকা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমাদের ভার্চুয়ালি বৈঠক রয়েছে। দুপুর দেড়টার পর শুরু হওয়ার কথা।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বৈঠকে মাঠপর্যায়ের কর্মকর্তাদের মন্ত্রণালয়ের বিভিন্ন সিদ্ধান্তের কথা জানানো হবে। আগামী নির্বাচন কীভাবে শান্তিপূর্ণভাবে করা যায় সে বিষয়ে দিকনির্দেশনার পাশাপাশি ধর্মীয় এবং জাতীয় কর্মসূচির বিষয়েও আলোচনা হবে।

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে আইনশৃঙ্খলা এবং রাজনৈতিক পরিস্থিতি বিষয়ে জানতে চাওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। কর্মকর্তাদের তুলে ধরা তথ্যের সাথে বিভিন্ন গোয়েন্দা সংস্থার পাওয়া রিপোর্ট মিলিয়ে দেখা হবে।

একজন পুলিশ কর্মকর্তা বলেন, তাদের জেলাগুলোয় বিগত দিনে যেসব আলোচিত ঘটনা ঘটেছে তাতে পুলিশের ভূমিকা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করা হয়েছে। বৈঠকে তা উপস্থাপনের কথা রয়েছে। 

এছাড়া নির্বাচন ঘিরে কী করা হচ্ছে, আগামী করণীয় এবং বিদ্যমান সমস্যা আলোচনায় গুরুত্ব পাবে বলে মন্তব্য করেছেন ওই কর্মকর্তা।