২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের সংবর্ধনা দিল সেনাবাহিনী

অনুষ্ঠানে আহত ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়।

জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের সংবর্ধনা দিল সেনাবাহিনী
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্বজন ও আহতদের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মঙ্গলবার ঢাকা সেনানিবাসের 'আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে’। ছবি: আইএসপিআর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2025, 09:53 PM

Updated : 26 Aug 2026, 12:21 PM

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার ঢাকা সেনানিবাসে 'আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে’ এ সংবর্ধনা অনুষ্ঠান হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, আহত ৭২ জন যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, "এই আন্দোলনে তরুণ সমাজ শুধু অংশগ্রহণই করেনি, বরং কীভাবে সত্য ও সঠিক পথে ন্যায়সংগত দাবি আদায় করা যায়, সেই অনুপ্রেরণা জুগিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী জুলাই যোদ্ধাদের স্বপ্ন পূরণে সবসময় পাশে থেকেছে।"

'সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে' এই মূলমন্ত্র নিয়ে অতীতের মত ভবিষ্যতেও দেশ মাতৃকার কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় পাশে থাকবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন সেনাপ্রধান।

তিনি বলেন, "দেশপ্রেম, জাতীয়তাবোধ, সততা, মানবিকতাবোধ ও নিয়মানুবর্তিতার সমন্বয়ে সকলে এক হয়ে কাজ করলে এ দেশ সমৃদ্ধির শিখরে আরোহণ করে একটি সুখী ও সমৃদ্ধ জাতি হিসেবে আত্মপ্রকাশ করবে।"

তিনি সেই স্বপ্ন পূরণে সবাইকে একযোগে কাজ করার অনুরোধ জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়।