সাবেক এএসপি জাবেদ ইকবাল ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার
গ্রেপ্তারের পর জাবেদ ইকবালকে ট্রাইব্যুনালে হাজির করে পরে কারাগারে পাঠানো হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক সহকারী কমিশনার জাবেদ ইকবালকে জুলাই-অগাস্টের ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসাইন তামিম জানিয়েছেন।
অভ্যুত্থানের সময় সহিংসতার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এদিন জাবেদ ইকবালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর কয়েক ঘণ্টা পর তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর এএসপি জাবেদ ইকবালকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয় বলে জানান প্রসিকিউটর তামিম।
