২০ বছরের পুরনো যানবাহন সরাতে অভিযান শিগগিরই: বিআরটিএ চেয়ারম্যান
“এটা একদিনে সম্ভব নয়, আমরা কাজটা অন্তত শুরু করেছি। অভিযান কবে শুরু হবে সেটা এখনই না বলি, আপনারা খুব শিগগিরই দেখতে পাবেন।”
সড়কে শৃঙ্খলা ফেরাতে শিগগিরই পুরোনো, ফিটনেসবিহীন যানবাহন সরাতে অভিযান শুরু হবে বলে জানিয়েছেন বিআরটিএর চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার ঢাকার মহাখালী বাস টার্মিনালে চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতামূলক কর্মসূচিতে এসে এ বিষয়ে কথা বলেন বিআরটিএর চেয়ারম্যান।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে সড়কে প্রাণ ঝরছে। এ কারণে ২০ বছরের পুরোনো বাস এবং ট্রাক উঠিয়ে দেওয়ার বিকল্প নেই।
“এগুলোকে রাস্তায় রেখে আমরা সড়ক নিরাপদ করতে পারব না। এ কারণে মালিক-শ্রমিক কমিটিসহ সবাইকে সঙ্গে নিয়ে আমরা যুগপৎ আন্দোলনে নামছি।”
তবে সরকারের একক প্রচেষ্টায় যে এ লক্ষ্য পূরণ সম্ভব নয়, সে কথা তুলে ধরে আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, “এটা একদিনে সম্ভব নয়, আমরা কাজটা অন্তত শুরু করেছি। অভিযান কবে শুরু হবে সেটা এখনই না বলি, আপনারা খুব শিগগিরই দেখতে পাবেন।”
পুরোনো বাস তুলে দেওয়ার উদ্যোগ নিলে মালিক সমিতির পক্ষ থেকে বাধা আসে, এবারও সেরকম কিছু হলে বিআরটিএ কী করবে?
এমন প্রশ্নে চেয়ারম্যান বলেন, “আপনারা জেনে খুশি হবেন যে এই কার্যক্রমের সঙ্গে মালিক ও শ্রমিক সমিতির নেতাদেরও সঙ্গে রেখেছি।”
এ সময় মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের চালক, শ্রমিক এবং যাত্রীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন বিআরটিএর চেয়ারম্যান।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম, বিআরটিএর পরিচালক (রোড সেফটি) মোহাম্মদ শহীদুল্লাহ এবং ঢাকা বিভাগীয় পরিচালক শফিকুজ্জামান ভূঁইয়াসহ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
