২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিআইজি মিজানের অবৈধ সম্পদের মামলায় ব্যাংক কর্মকর্তার সাক্ষ্য

ব্যাংক কর্মকর্তার সাক্ষ্যে মিজানুরের বিরুদ্ধে কোনো বক্তব্য আসেনি।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2022, 06:57 PM

Updated : 05 Sep 2022, 07:00 PM

পুলিশের বরখাস্ত উপ-মহাপরিদর্শক মিজানুর রহমানসহ চারজনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাক্ষ্য দিয়েছেন ওয়ান ব্যাংকের ধানমণ্ডি শাখার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এসএভিপি) গোলাম রসুল ভূঁইয়া।

সোমবার ঢাকার বিশেষ জজ আদালতে তার সাক্ষ্য গ্রহণ শেষে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২০ সেপ্টেম্বর দিন ঠিক করে দিয়েছেন বিচারক আসাদ মো. আসিফুজ্জামান।

তবে ব্যাংক কর্মকর্তার সাক্ষ্যে মিজানুরের বিরুদ্ধে কোনো বক্তব্য না আসায় তাকে জেরা করতে অস্বীকৃতি জানান বরখাস্ত পুলিশ কর্মকর্তার আইনজীবী এহসানুল হক সমাজী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিজানুর সম্পর্কে জবানবন্দিতে কিছু না এলেও অপর আসামি মাহমুদুলের বিরুদ্ধে তথ্য এসেছে। কিন্তু মাহমুদুলের আইনজীবী শাহীনুর ইসলাম অনিও তাকে জেরা করেননি।”সাক্ষী জবানবন্দি দেওয়ার সময় তাকে সহায়তা করেন রাষ্ট্রপক্ষে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল।

এ মামলায় দুদকের ৩৩ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ২৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।আসামি ডিআইজি মিজান ও তার ভাগনে মাহমুদুল হাসানকে এ দিন আদালতে হাজির করা হয়। অপর দুই আসামি মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না ও ছোটভাই মাহবুবুর রহমানকে পলাতক দেখিয়ে এ মামলার বিচার চলছে।

তিন কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন এবং তিন কোটি সাত লাখ পাঁচ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০১৯ সালের ২৪ জুন মিজানসহ চারজনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন- দুদক।

মামলায় ডিআইজি মিজান ছাড়া অপর আসামিরা হলেন-তার স্ত্রী সোহেলিয়া আনার রত্না ওরফে রত্না রহমান, ছোট ভাই মাহবুবুর রহমান এবং ভাগ্নে মাহমুদুল হাসান।

মাহমুদুল রাজধানীর কোতোয়ালি থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন। ২০১৭ সালের ২৬ অগাস্ট তিনি এসআই হিসেবে যোগ দেন।

২০২০ সালের ২০ অক্টোবর ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আসিফুজ্জামান এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামি মিজানুর রহমান তার ভাগ্নে মাহমুদুল হাসানের নামে ২৪ লাখ ২১ হাজার ২২৫ টাকায় শুলশান-১ এর পুলিশ প্লাজা কনকর্ডে ২১১ বর্গফুট আয়তনের একটি দোকান বরাদ্দ নেয়।

মিজানুর রহমান নিজে নমিনি হয়ে তার ভাগ্নে মাহমুদুল হাসানের নামে ২০১৩ সালের ২৫ নভেম্বর একটি ব্যাংকে এফডিআর অ্যাকাউন্ট করে ৩০ লাখ টাকা জমা করেন।

তবে দুদক অনুসন্ধান শুরু করলে সে টাকা ভাঙ্গিয়ে সুদে আসলে ৩৮ লাখ ৮৮ হাজার ৫৭ টাকা তুলে ফেলেন।

অভিযোগে আরও বলা হয়, মিজানুর রহমান তার স্ত্রী রত্না কাকরাইলে ১৭৭৬ বর্গফুটের একটি বাণিজ্যিক ফ্ল্যাট ক্রয়ে ২০১১ সালে চুক্তিনামা করে বিভিন্ন সময় ১ কোটি ৭৭ লাখ ৯৬ হাজার ৩৫০ টাকা নির্মাণ কোম্পানিকে পরিশোধ করেন। পরে ২০১৬ সালে ফ্ল্যাটটি ভাগ্নে মাহমুদুল হাসানের নামে দলিল রেজিস্ট্রি করেন।

এ মামলায় মিজান ২০১৯ সালের ১ জুলাই হাই কোর্টে জামিনের আবেদন করলে তা নাকচ হয় এবং হাই কোর্ট বেঞ্চ তাকে গ্রেপ্তারের নির্দেশ দেয়।

তার ভাগ্নে মাহমুদুল হাসান ৪ জুলাই একই আদালতে আত্মসমর্পণ করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকেও কারাগারে পাঠানোর আদেশ দেয়।

এক নারীকে জোর করে বিয়ের পর নির্যাতন চালানোর অভিযোগ ওঠায় গত বছরের জানুয়ারিতে ডিএমপির অতিরিক্ত কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয় মিজানুর রহমানকে।

তার বৈধ সম্পদের অনুসন্ধান চলার মধ্যেই দুদক পরিচালক খন্দকার এনামুল বাছিরকে ঘুষ দেওয়ার অভিযোগে ২০১৯ সালের ১৬ জুলাই আরেকটি মামলা হয়। এই মামলায় মিজান-বাছির দুইজনই আসামি। ঘুষকাণ্ডের পর এনামুল বাছিরও সাময়িক বরখাস্ত হন।

ঘুষের মামলায় গেল ২৩ ফেব্রুয়ারি মিজানের ৩ বছরের এবং বাছিরের ৮ বছরের সাজার রায় দিয়েছে আদালত।

আরও পড়ুন

পুরনো খবর:

ঘুষ লেনদেন: ডিআইজি মিজানের ৩ বছর সাজা, দুদকের বাছিরের ৮ বছর
৪০ লাখ টাকা ঘুষ: পুলিশের মিজান, দুদকের বাছিরের বিরুদ্ধে মামলা
ডিআইজি মিজানের বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা