২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কূটনৈতিক এলাকায় দিনভর বিক্ষোভে কড়া নিরাপত্তা

সকাল থেকে সন্ধ্যায় থেমে থেমে বিক্ষোভ হলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, বলেন গুলশান বিভাগের উপ কমিশনার তারেক মাহমুদ।

কূটনৈতিক এলাকায় দিনভর বিক্ষোভে কড়া নিরাপত্তা
গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদের ভাষা ফুটিয়ে তোলা হয় শিক্ষার্থীদের প্ল্যাকার্ডে । সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচিতে শিক্ষার্থীরা। ছবি: মাহমুদ জামান অভি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2025, 09:49 PM

Updated : 26 Aug 2026, 12:27 PM

ফিলিস্তিনে হামলা ও গণহত্যা বন্ধের দাবিতে দেশব্যাপী চলা বিক্ষোভ ও প্রতিবাদের মধ্যে রাজধানী ঢাকার কূটনৈতিক পাড়ার আশপাশেও দিনব্যাপী সরব ছিলেন বিক্ষোভকারীরা। 

সোমবার সন্ধ্যার দিকেও একদল বিক্ষোভকারী প্রগতি সরণি সড়কে নতুন বাজারের কাছে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেন। তখন কিছুটা দূরে অবস্থান নিয়ে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে দিনভর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারিধারা-গুলশানের কূটনৈতিক এলাকায় বাড়তি নিরাপত্তা নিয়েছিল।

পুলিশের নিয়মিত সদস্যদের পাশাপাশি সেনা সদস্য, র‌্যাব, বিজিবি ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন- এপিবিএনের সদস্যরা দিনভর টহল দিয়েছেন। সাদা পোশাকেও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা তৎপর ছিলেন।

ইসরাইলের হামলার প্রতিবাদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের দূতাবাসের জন্য স্বাভাবিকের চেয়ে বাড়তি নিরাপত্তা নেওয়ায় স্বাভাবিক যানচলাচলও বিঘ্নিত হয়।

ওই এলাকার প্রগতি সরণি সড়কে সকাল থেকে থেমে থেমে দিনব্যাপী বিক্ষোভ হলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে তথ্য দেন গুলশান বিভাগের উপ কমিশনার তারেক মাহমুদ।

তার সঙ্গে সন্ধ্যায় যখন কথা হয় তখনও নতুন বাজার এলাকার সড়কে বিক্ষোভ করছিলেন একদল মানুষ। ইসরাইলবিরোধী বিভিন্ন ধরনের শ্লোগান দিচ্ছিলেন তারা।

বেলা সাড়ে ১১টার দিকে গুলশানে যুক্তরাষ্ট্রের দূতাবাস এলাকায় মিছিল বের করে একদল শিক্ষার্থী। নতুন বাজারের কাছে মার্কিন দূতাবাসের সামনে মহাসড়কে অবস্থান নেন তারা। সেখানে ঘণ্টাখানেক অবস্থানের পরে নতুন বাজারের মূল সড়কের একপাশ খুলে দেওয়া হয়। তখন দূতাবাসের সামনে অবস্থান নিতে দেখা গেছে সেনা সদস্যদেরও। 

আইনশৃঙ্খলা বাহিনী সেখানে পথচারীদের তল্লাশি করছে। ফুটপাতে বা রাস্তায় কাউকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না।

পুলিশ কর্মকর্তা তারেক বলেন, সোমবারের কর্মসূচি ঘিরে পুরো কূটনৈতিক পাড়া এলাকায় ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের দূতাবাসকে কেন্দ্র করে বিক্ষোভকারীরা অবস্থান নেওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী সেদিকে বাড়তি নজর দিচ্ছে।

তিনি বলেন, “শিক্ষার্থীসহ একটি করে দল আসছে বিক্ষোভ করছে, চলে যাচ্ছেন। আবার আরেকটি দল আসছে বিক্ষোভ করে চলে যাচ্ছেন। এভাবেই সারাদিন ধরে বিক্ষোভ চলতে থাকে। কোন দলকেই যুক্তরাষ্ট্রসহ অন্য কোনো  দূতাবাসের কাছে আসতে দেওয়া হয়নি। তারা রাস্তার বিপরীতে বা বেশ দূরত্ব বজায় রেখে নিরাপত্তা সীমানার বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।”

গাজায় গণহত্যা বন্ধ না করা পর্যন্ত ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ নামে বিশ্বজুড়ে শিক্ষাঙ্গনে ‘ধর্মঘটের’ কর্মসূচি দেন ফিলিস্তিনের বিভিন্ন সংগঠন ও মাঠপর্যায়ের কর্মীরা। ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির ঘোষণা আসে রোববার।

সে অনুযায়ী সোমবার বাংলাদেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ও পরীক্ষা বর্জন, অফিস আদালত বন্ধ রাখার কর্মসূচিও দেওয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোও এই কর্মসূচির সঙ্গে সংহতি জানায়।

বাংলাদেশে বিক্ষোভের এমন পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শও দেয় ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস।

সারাদেশে বিক্ষোভ: মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র দূতাবাস