Published : 14 Jul 2026, 08:42 PM
অগ্রিম আয়কর কমানোসহ ১১ দাবিতে চট্টগ্রামে দুই দিন ধর্মঘট ডেকেছে প্রাইম মুভার ও ফ্ল্যাটবেড ওনার্স অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার নগরীর সল্টগোলা ক্রসিং ও বন্দর সিসিটি ২ নম্বর গেট সংলগ্ন সড়কে মানববন্ধন থেকে আগামী ২১ ও ২২ জুলাই ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতারা।
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন বলেন, “প্রাইম মুভার ট্রেইলার খাত দীর্ঘদিন ধরে অযৌক্তিক কর, পুলিশি হয়রানি এবং বিভিন্ন প্রশাসনিক জটিলতার শিকার। এর মধ্যে অগ্রিম আয়কর ৫০ হাজার টাকা নির্ধারণ পরিবহন মালিকদের জন্য অসহনীয় হয়ে উঠেছে।”
বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে একাধিকবার আবেদন ও চিঠিপত্র দেওয়া হলেও কার্যকর কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।
অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন মোহাম্মদ হোসেন।
অ্যাসোসিয়েশনের সভাপতি আবু সালেহ জুয়েল বলেন, “১১ দফা দাবি বাস্তবায়নে সরকার কার্যকর উদ্যোগ না নিলে আগামী ২১ ও ২২ জুলাই চট্টগ্রামে প্রাইম মুভার, ফ্ল্যাটবেড, লো-বেড, সেমি লো-বেড, ক্রেন ও হেভি ইকুইপমেন্ট পরিবহন মালিকরা ৪৮ ঘণ্টার লগআউট (বন্ধ) পালন করবেন।”
আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
মানববন্ধনে অর্থ সম্পাদক মোহাম্মদ খুরশেদ আলম, কার্যনির্বাহী সভাপতি মোহাম্মদ আনোয়ার, সহ-সভাপতি মোরশেদ হোসেন নিজামী, সহ-সম্পাদক মোহাম্মদ ইসমাইলও বক্তব্য দেন।
প্রাইম মুভার অ্যাসোসিয়েশনের দাবিদাওয়ার মধ্যে রয়েছে- ট্যাক্স টোকেন, রুট পারমিটসহ বিভিন্ন কর ও ফি একীভূত করে একটি ডকুমেন্টের আওতায় আনা। ভাড়ায় চালিত গাড়ির অগ্রিম আয়কর ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ১০ হাজার টাকা নির্ধারণ করা। সারা দেশে একই নীতিমালায় লোড স্কেল পরিচালনা এবং লোড কন্ট্রোলের নামে ‘চাঁদাবাজি’ বন্ধ করা। মহাসড়কে পণ্যবাহী যানবাহন, চালক ও সহকারীদের জানমালের নিরাপত্তায় বিদ্যমান শ্রম আইনে সাংঘর্ষিক ধারা-উপাধারাসমূহ সংস্কার করা। বিবিআরটিএর মাধ্যমে চালকদের পেশাদারি ভারী লাইসেন্স সহজ করা। প্রাইম মুভার ট্রেইলার ও ফ্ল্যাটবেড গাড়ির ওজন ও মাইলেজের ভিত্তিতে সরকারিভাবে ভাড়া নির্ধারণ নীতিমালা প্রণয়ন করা।