Published : 14 May 2026, 05:48 PM
ঈদে নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে ১০ দফা সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
নৌপথের যাত্রী ও নৌযান মালিকসহ সংশ্লিষ্ট সবাইকে এসব নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার এক জরুরি বিজ্ঞপ্তিতে বিআইডব্লিউটিএ বলেছে, ঈদ ঘিরে নৌপথে স্বাভাবিক সময়ের তুলনায় অতিরিক্ত যাত্রী চলাচল করে। এ পরিস্থিতিতে নিরাপদ নৌপরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে যাত্রীদের সচেতন থাকার বিকল্প নেই।
বিজ্ঞপ্তিতে যাত্রীদের টিকেট কেটে লঞ্চে ওঠা এবং জাতীয় পরিচয়পত্রের কপি সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। অতিরিক্ত যাত্রী হয়ে কিংবা লঞ্চের ছাদে ভ্রমণ না করার আহ্বানও জানিয়েছে সংস্থাটি।
এছাড়া শৃঙ্খলাবদ্ধভাবে লঞ্চে ওঠানামা, যাত্রার আগে আবহাওয়ার পূর্বাভাস জেনে নেওয়া, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভ্রমণ থেকে বিরত থাকা এবং জরুরি প্রয়োজনে দায়িত্বরত কর্মকর্তাদের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিআইডব্লিউটিএ বলেছে, যাত্রাপথে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিলে যাত্রীদের ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। ঈদযাত্রার ভিড় শুরুর আগেই পরিবার পরিজনকে গন্তব্যে পাঠানোর পরামর্শও দেওয়া হয়েছে।
নৌযানে ওঠার পর লাইফ জ্যাকেট ও লাইফবয় সম্পর্কে জেনে নেওয়া, অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার গ্রহণ না করা এবং পকেটমার, অজ্ঞান পার্টি ও ছিনতাইকারীদের বিষয়ে সতর্ক থাকার কথাও বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝুঁকি নিয়ে ট্রলার বা নৌকা থেকে চলন্ত লঞ্চে ওঠানামা করা যাবে না। ঘাটে লঞ্চ না আসা পর্যন্ত যাত্রীদের টার্মিনালে অপেক্ষা করতে হবে এবং নিজের মালামালের দায়িত্ব নিজেকেই নিতে হবে।
যাত্রাপথে কোনো সমস্যার মুখে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার পাশাপাশি কয়েকটি জরুরি হটলাইন নম্বরও প্রকাশ করেছে সংস্থাটি। এর মধ্যে রয়েছে বিআইডব্লিউটিএর হটলাইন নম্বর ১৬১১৩, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯, সরকারি তথ্য ও সেবা নম্বর ৩৩৩, ফায়ার সার্ভিস ১০২, কোস্টগার্ড ১৬১১১ এবং নৌপুলিশের মোবাইল নম্বর ০১৭৬৯৭০২২১৫।